ঝড় ~ চয়ন কুমার রায়ের কবিতা


ঝড় 
চয়ন কুমার রায় 

আমি একটা ঝড় চাই।
সব তছনছ করে দেওয়া ঝড়।
তুমি বলবে গরীবের ঘর ভাঙে।
আমি বলি না ,সে তো অহোরাত্র
ভাঙে,নিত্য নৈমিত্তিক ঘটনা।

ক্ষুব্ধ প্রকৃতির রুদ্র রোষে,
ক্ষমতার অপব্যবহারকারীর
রাভসিক ক্রোধে ,
নানা অজুহাতে গরীবের ঘর ভাঙে।
ঝড়-বৃষ্টি, রোদ- বাদলায়
খোলা আকাশের নিচে
দিনযাপন ,গরীবের বারোমাস্যা ।
বহু ব্যবহারে পানসে হয়ে যাওয়া
যেন একটা মলিন পটচিত্র ।

এখন আর বলাৎকার, খুন,
পেশীশক্তির অন্যায় আস্ফালন,
প্রণম্য গুণীজনের অসম্মান -
কোনকিছুই আমজনতার
ভোঁতা অনুভূতিতে
দীর্ঘস্থায়ী দাগ কাটে না!
ওসব এখন গা সয়ে যাওয়া
সাদামাটা ছোট গল্প!

আমি এমন একটা ঝড় চাই
যা ধনীর অহঙ্কার
নিমেষেই ধূলিসাৎ করে দিতে পারে ।
ক্ষমতার দম্ভে বলীয়ান
মনুষ্যরূপী শ্বাপদদের
নখ -দন্ত ভেঙে গুঁড়িয়ে দেওয়া,
হলাহল ভরা সরীসৃপের
মাজা ভেঙে দেওয়া ঝড়।

এমন একটা ঝড় চাই যা,
অত্যাচারী, প্রতারক ও শোষকের
রাহুগ্রাস থেকে মুক্ত করে
আমাদের সকলের বাসযোগ্য
কলুষমুক্ত, স্বপ্নের পৃথিবী
গড়ে তুলবে -
তেমন একটা ঝড়।

তুমি আমি চাই বা না চাই
সে ঝড় আসবেই আসবে।

কবি চয়ন কুমার রায় 
টিকরহাট, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ 




















0 Comments