
সিদ্ধার্থ সিংহের অণুগল্প
ব্যাগ
রতন দেখল, এই সাত সকালে একটি মেয়ে পার্কের একটি বেঞ্চে বসে আছে। মুখে মাস্ক, চোখে কালো চশমা, পরনে ধোপদুরস্ত শাড়ি। পাশেই তার একটি ব্যাগ।
লকডাউনে চাকরি চলে যাওয়ার পর সে আর অন্য কোনও চাকরি জোগাড় করতে পারেনি। যেটুকু জমানো ছিল, সেটুকুও ব্যাঙ্ক থেকে তুলে তুলে শেষ হয়ে গেছে। অ্যাকাউন্টটাই ক্লোজড করে দিতে হয়েছে, মিনিমাম ব্যালেন্সটুকু তুলে নেওয়ার জন্য।
মেয়েটার হাতে যখন মোবাইল নেই, তার মানে আর কিছু না থাক, ওই ব্যাগে অন্তত মোবাইলটা আছে।
ও পেছন দিক থেকে পা টিপে টিপে গিয়ে ঝপ করে ব্যাগটা তুলে নিয়েই দে ছুট। দিন কতক ধরেই ও তক্কে তক্কে থাকে আর সুযোগ পেলেই...
ছেলেরা নয়, ওর টার্গেট মূলত মেয়েরাই। চিৎকার করলেও কেউ কিছু বুঝে ওঠার আগেই পগার পার হয়ে যাওয়া যায়। এখনও পর্যন্ত একবারও ধরা পড়েনি ও। এ বারও নিশ্চয়ই পড়বে না।
কিন্তু মেয়েটা তো চিৎকার করছে না। তা হলে কি সে তার পিছু পিছু ছুটে আসছে! এলে কত দূরে!
দেখার জন্য ছুটতে ছুটতে পিছনে ফিরতেই রতন দেখল, যেখানে ব্যাগটা ছিল মেয়েটি দু'হাত দিয়ে সেই জায়গাটা হাতড়াচ্ছে।
ও থমকে দাঁড়াল। কয়েক মুহূর্ত। তার পর চুপি চুপি তার কাছে গিয়ে যেখানে ব্যাগটি ছিল তার পাশে রেখে দিল। আস্তে আস্তে তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে মেয়েটির একটি হাত নিয়ে সেই হাত দিয়েই নিজের গালে ঠাস ঠাস করে চড় মারতে লাগল।



1 Comments
🤔 চোর হলেও সংবেদনশীল... লাইনে নতুন 😄
উত্তরমুছুন