ভয়েস টেক্টট সব জায়গায় রোজ একই ব্যাপার
‘কিচ্ছু ভাল লাগছে না’ একথা বলত
এতো ভণিতা কী প্রয়োজন !
এ সময়ে কাউকে ভাল লাগে না, কিচ্ছু ভাল নেই
থাকার মধ্যে কিছু খবর – কার কী ধরা পড়ল !
আশ্চর্যরকম অবিশ্বাস আমাদের ঘিরে ধরে
প্রতিমুহূর্তে দূরত্ব বাড়িয়ে চলেছে আরোগ্য নিধান,
খবর দেখার নেশা আটকে রাখছে, তালাবন্ধ অবসরে
শুধু উড়ছে একটা রঙচঙে ঘুড়ি পুরনো অভ্যেসে
কবে তার মুক্তি জানে না কোনও রাজা –
আজ্ঞা দিয়েছিল, আকাশ বাতাস ঢাকো অন্ধ আবরণে ।
শেষপর্যন্ত খুঁজলে দেখা যাবে রাখাল ছেলেকে
গরুর শিঙে ঘুড়িটা বেঁধে ঘুমিয়ে পড়েছে যেন,
গায়ের রঙ নীলচে কপালে বাঁধা ময়ূরপুচ্ছ...
সে ঘুম থেকে জাগলে শুরু হবে সৃষ্টি
এই ভেবে অপেক্ষায় থাকলো সবাই ।
কবি বৈদূর্য্য সরকার
১৬এ/১এ বাগবাজার স্ট্রিট, কলকাতা




0 Comments