চয়ন কুমার রায়ের কবিতা


মিছিল 

মনে হয় বহুযুগ আগেকার দিনের 
মৃত এক নগরীর অশরীরী প্রেতাত্মা 
কানপেতে দেওয়ালের কথা শোনে। 
এখনও কি কসাইখানায় লাশগুলি 
নিরপত্রপ ঊর্ধ্ব মূল্যে বিনিময় চলে! 
কিংবা লক্ষ লক্ষ কঙ্কালের বুক দলে 
লক্ষ লক্ষ কঙ্কাল হাঁটে অন্তিম মিছিলে! 

নির্ব্বিবাদী

নিরন্তর ঔদাস্য -কীট দংশনের 
অব্যক্ত যন্ত্রণা লুকিয়ে রেখে 
প্রশান্ত মুখোশে,অসহায় 
চেতনাকে ঢেকে,নাম লেখাই 
পরম সুখের প্রতিযোগিতায়। 

এখন আমি মূক ও বধির ,
বিবেকের ডাক আজ অশ্রুত ।
সযত্নে ঝেড়ে ফেলে পাপ প্রতিদিন 
মজ্জাহীন ন্যুব্জ এক মেরুদণ্ডী প্রাণি -
আজ আমি অতিশয় নির্দ্বন্দ্ব সুধীর। 

কবি চয়ন কুমার রায় 
                        টিকরহাট, পূর্ব বর্ধমান


 












 


0 Comments