
নিরুত্তর
প্রায় দুবছর পর মিলি আর রুদ্র আবার সামনা সামনি। সদ্য ঘুম ভাঙা রুদ্র বিছানায় বসা, হতচকিত। অপলক তাকিয়ে সোফায় বসা মিলির দিকে।
বাইরে তুমুল বৃষ্টি । সবে সন্ধ্যা কিন্তু চারদিক কৃষ্ণকালো অন্ধকার। মুহুর্মুহু বজ্রপাত হচ্ছে।
অনেকদিন হতে হতে দুবছরের বেশি হয়ে গেছে ওরা বিচ্ছিন্ন। রুদ্রও ঘরছাড়া ছিল, মাসখানেক হয়েছে ফিরে এসেছে।
অনেকক্ষণ খট খট শব্দ শুনে দরজা খুলতেই ধ্বক করে উঠলো বুকটা, চটজলদি ভিতরে ঢুকলো মিলি কোনো কথা না বলে। ভিজে একাকার। চুল দিয়ে চুইয়ে চুইয়ে জল পড়ছিলো।
রাজ্যের বিস্ময় চোখে মুখে হলেও স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো রুদ্র। দরজা বন্ধ করে একটা তোয়ালে এগিয়ে দিলো কাঁপা কাঁপা হাতে।
কোনো কথা নেই। দুজন নিরবে তাকিয়ে একে অপরের দিকে। মিলির চোখ দুটো টলটল।
রুদ্রের এখনো ঘোর লেগে আছে। সাথে ঘুমের রেশ কাটছে না। দিনের পর দিন কড়া ঘুমের ঔষুধের প্রভাব হয়ত।
অনেকদিন পর এমন বৃষ্টিতে ওরা আবার একসাথে মুখোমুখি। কিন্তু এবার নিশ্চুপ দুজনই। যেনো কথারা হারিয়ে গেছে।
অনেকদিন আগের কথা স্মৃতিতে ভেসে উঠলো রুদ্রের।
এমনই এক বৃষ্টি বিকেলে ঘরে শুধু ওরা দুজন। লুকিয়ে রুদ্রের বাসায়। সদ্য শাড়ি পড়া শেখা মিলি একটা সিঁদুর লাল জরজেটের শাড়ি পড়ে এসেছে, খোলা চুল। কাজলকালো চোখ। হাতে কতরকম যে চুড়ি। দুজন দূরেই বসেছিল পুরোটা সময়। চায়ের কাপে চুমুক দিতে দিতে তাকিয়ে ছিলো চোখে চোখে।মিলি লজ্জা ভেঙে চিৎকার করে বলেছিল রুদ্র, আমার খু্ব ইচ্ছা করছে তোমার বুকে যেতে। কিন্তু রুদ্র ওকে বুকে টেনে নেয় নি, শুধু বিদায় বেলায় ওর হাতের উলঠো পিঠে আলতো চুমু এঁকেছিল। কমিটমেন্ট, ভালোবাসা, সন্মান সবই তাতে ছিল। মুখে আর বলতে হয়নি ভালোবাসি।
আজ আবার সামনা সামনি কিন্তু সব যেনো হারিয়ে গেছে। চোখের পাপড়ি গুলো কি আরো মায়াবি হয়েছে মিলির? ওর শীতল চাউনি রুদ্রের শরীর অবশ করে ফেললো।
কত সময় পার হয়েছে জানা নেই, অবশেষে নীরবতা ভেঙে রুদ্র জিজ্ঞাসা করলো 'কেমন আছো তুমি?'
কয়েক মুহুর্ত চেয়ে থাকলো মিলি।তারপরে উঠে ব্যাগ থেকে চটজলদি একটা কার্ড বের করে রুদ্রের পাশে রেখে দৌড়ে বের হয়ে গেলো ঘর থেকে। খালি পায়েই অন্ধকারে মিলিয়ে গেলো ঘন বর্ষার অন্ধকারে।
চোখ বুঝলো রুদ্র।কার্ডটা দেখার আর প্রয়োজন নেই। সব বোঝা শেষ।
রুদ্র গুটি গুটি পায়ে দরজার পাশে চলে এলো। বৃষ্টির ছাট ভিজিয়ে দিচ্ছে চোখ, মুখ, মন। কিছু কিছু সম্পর্ক যেনো শেষের পরও শেষ হয়না।আঁকড়ে রাখতে চায় ।
রুদ্র স্মৃতি হাতরে মনে করার চেষ্টা করলো মিলির দেয়া কথা গুলো "ছেড়ে যাবো না রুদ্র, কখনো না..."।।



0 Comments