
মুখোশ
সেসব মানুষ যারা উড়ে বেড়ায়
আমি তাদের কথা ভাবি
তাদের বুকপকেটে গোলাপ থাকে
আমি দিনরাত শুধু একটা হলদে হয়ে যাওয়া আলোর নিচে দাঁড়িয়ে থাকি
আমার সঙ্গী নির্বাচনে ভুল হয়ে যায়
আমার হাসি আমি উড়িয়ে দিয়েছি চৌরাস্তার বাসে দাঁড়িয়ে
দিনরাত ঢলোঢলো মুখ নিয়ে অভিনয় করে গেছি
তুমি কি টালা পার্ক থেকে এক্ষুণি বেরিয়ে আসছ?
আমার বইপত্রগুলো আমি ছিঁড়ে কুটিকুটি করেছি
এখন হাওয়াতেও বিষ। ভালোবাসাতেও
একটু সময় থাকতে থাকতে সাবধান হওয়া ভাল
ভাল পিছিয়ে আসা
আজকাল রঙিন কাগজের ফুল খুব বিকোয়
আমি কি কোনোদিন এই মুখোশ ছেড়ে বেরিয়ে আসতে পারব না?



0 Comments