
দূরত্ব,কঠিন আবেগ
সম্পূর্ণ একটা গল্পহীন রাত তোমাকে দেব বলে
এই পথ হেঁটেছি নোঙরের মতো শব্দ তুলে
গাছের থেকে নৌকা পেড়ে জমিয়েছি পকেটে
বুক পকেট মেঘের মতো কালো হলেও
নীল হয় নি কখনও
তবুও পাতার বালিশে পেতে রেখেছি মাথা
আমার হাতে তীব্র হয়েছে মাকড়সার দহন
দহনে দহনে বেলা কেটেছে
একটা গল্পহীন রাত উপহার দেবো বলে
ফ্রীজের শীতে জমিয়ে রেখেছি শিউলি গন্ধ
ভরা গ্রীষ্মের দিনেও যাতে ঘর রমরম করে
আমার হাতে দহন বাড়লেও
একটা গল্পহীন রাত উপহার দেবো বলে
তবুও দ্যাখো,শেষমেশ সেই রাত
দূরবর্তী ছাদের উপর জমানো শিশির
কোথায় নামল তারার উষ্ণতা শীতের রোদে
মেঘের আদর পশমের মতো জড়িয়ে ধরল না
একটা সুদীর্ঘ রাত অপেক্ষা আক্ষেপ আর
ঘুমের মধ্যে ক্লান্ত স্বপ্নেরা ঘোরাফেরা করে
একটা দিন আর রাত একটা জেগে থাকা মানুষ
আর ঘুমন্ত মানুষের দূরত্ব নিয়ে
ঘুমের মধ্যে জেগে আছি বিষণ্ণ স্বপ্নের হাত ধরে
আমাদের শরীর থেকে নেমে আসছে কঠিন আবেগ!
কবি সাত্যকি
বারাসাত, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ



0 Comments