
অনুসারী
হেমন্ত সরখেল
অশোক একটি গাছের নাম।
যাকে চিনতে চেয়ে হেঁটে গেছি মাইলের পর মাইল
জারুল,অমলতাস হেসে তাকালেও
ফিরে তাকাইনি সেদিন,
আমি অশোককে খুঁজতে পথে নেমেছিলাম।
ধলাই একটি নদীর নাম।
বন্যায় যে ভাসিয়ে নেয় নিজের চর
মাসোহারা পায় মৎসজীবী
ইয়াবার নেশার বারুদ ঝোলে যেখানে রবার বাগানে
তাকে খুঁজতে যেতে পারিনি কোনদিন
কোন দাক্ষিণ্য ফেলে আসেনি পথে দিকনির্দেশিকা
বলতে পারবো না,তবু কিভাবে যেন সহমরণ চেয়েছি ধলাইয়ের সাথে।
ধৃতরাষ্ট্র আমি।হাত মুঠো করে ধরে হাঁটছি পথে।
ছড়িও যে একটা অবলম্বন হয়ে উঠতে পারে
ভাবিনি তো কোনদিন!
হয়তো বা পথ নয়,হাঁটছি তোমায়,
আয়ুর হিমাঙ্ক বেয়ে
ভরসার আস্তরণে তুমি আছো জেনে।
এটুকুই বলার ছিল।বাকিটুকু
আরজন্মে হবে।যা রইল বাকি সবটাই
ফিরে এসে খুঁজে নিতে হবে।
জন্মজন্মান্তর
এত ফাঁকা বেঁচেছে কে কবে!



2 Comments
আশ্চর্য জীবন দর্শন... একরাশ মুগ্ধতা
উত্তরমুছুনবাঃ চমৎকার কবিতা।
উত্তরমুছুন