ব্রেক আপ ~ মীরা মুখোপাধ্যায়ের কবিতা


ব্রেক আপ
মীরা মুখোপাধ্যায় 

তখন একটি হাত অন্য একটি হাতের উপর আর
আলোআঁধারির মতো মেয়েটির  চুল...

ঢেকে ফেলছে প্রেমিকের চৌখুপি শার্ট
প্রগাঢ়  সন্ধ্যার দিকে বয়ে যাওয়া পার্কের হাওয়া

আমরা আজকে আর হাত ধরবোনা
ঝোপ খুঁজে বসবোনা,চলো ফেরা যাক
লাঠি ঠুকে যেভাবে বাড়িতে ফিরছে
একা একা অসুস্থ বৃদ্ধরা

সব আশা, ভালোবাসা শেষ হয়ে গেলে 
রাস্তার আলো জ্বলে ওঠে

বহুদিন পর আজ ভারমুক্ত লাগে
তোমারও কি?

সন্ধ্যা আরও গাঢ়তর হলে 
গাছেরাও বিশ্রামের আয়োজন করে

কবি মীরা মুখোপাধ্যায়
তেলিপুকুর, ডাক শিমুরালী, নদীয়া






















0 Comments