অনুপম দাশশর্মার কবিতা

যেভাবে দৃশ‍্য তৈরি করে অচেতন 
প্লাবন

বিষণ্ণতার রং কী। ধূসর, বাদামী না কী-
পাংশু কিংশুক?
জানা নেই। অথচ নুয়ে পড়ে ঘাড় গভীর আচ্ছন্নতায়।
ভাবি, তন্দ্রাচ্ছন্ন গহীনে যে অসীম প্রসারতা তা কী
ভেঙে দিতে পারে জৈব যাতনার সমগ্রকে।
ধুয়ে যায় বৃষ্টিজলে যে-সব দাক্ষিণ্যতা তাকে 
ফিরতে দেখিনি ষাঁড়াষাঁড়ি বানে।
মধ‍্যরাতে দূরে প‍্যাঁচার ডানা ঝাপটানোর শব্দ পেলে
কেন জানি চোখে ভেসে ওঠে জীবনানন্দর মেটে মুখ,
মুঠো মুঠো অবিশ্বাস উড়ন্ত পাখির পালক হয়ে 
তখন ছড়িয়ে পড়ে ঘরময়।
ঠিক তৃতীয় প্রহরে মায়াময় হয়ে ওঠে নিশি
চেতনারহিত তন্দ্রার মৃদু সুর যেন বাঙময় তখন
কীভাবে যে ঘুম মুহূর্তে ভুলিয়ে দেয় যাপনের ক্লেদ
সব রং তখন মিলেমিশে হয় বিষন্নতার আহার।

কবি অনুপম দাশশর্মা
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত 








2 Comments