অক্ষমতা ~ নিমাই মাইতির কবিতা


অক্ষমতা 
নিমাই মাইতি

যে কথা বলতে পারিনি
বুকের পকেটে গুছিয়ে রেখেছি বহুদিন।
সিঁড়ি বেয়ে জলের কাছাকাছি নেমেও
জল ছুঁয়ে দেখিনি
এ তার দোষ না- আমারই ভীরুতা।

সংকোচে থেমে গেছি প্রতি মুহূর্তে
বিন্দুর কাছাকাছি এসে।
জ্যোৎস্নার রঙ যে কত মায়াময়
সারারাত জেগে সে বুঝিয়েছে
অপেক্ষায় নিদ্রাহীন বাসর সাজিয়ে।

আমি ফুলের গন্ধ নিয়েছি
ফুল ছুঁতে পারিনি।

কবি নিমাই মাইতি 
খঞ্জন চক, হলদিয়া, পূর্ব মেদিনীপুর 
























0 Comments