
সোমনাথ বেনিয়ার অণুগল্প
পুরস্কার
প্রতিবার ধরাকরা করেও জাতীয় পুরস্কার হাতছাড়া হয়ে যায় স্কুলের প্রধান শিক্ষকের। এবছর কিছু একটা করতে হবে ভেবে প্রধান শিক্ষক ক্লাস টুয়েলভের ছাত্র রতনকে পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস করিয়ে এনে তাকে দিয়ে বললো, "এখানে সব বিষয়ের প্রশ্নপত্র আছে। উত্তর সব ভালো করে লিখে বারবার মুখস্থ করবি। রাজ্যে ফার্স্ট হওয়া চাই। বুঝলি!" রতন হ্যাঁ স্যার বলে প্রশ্নগুলো নিয়ে নিলো।
কিন্তু ফল বেরোনোর পর দেখা গেল একই ক্লাসের সেকেন্ড বয় নিমাই ফার্স্ট হয়েছে আর রতন যথারীতি ভালো রেজাল্ট করেছে। প্রধান শিক্ষক জাতীয় পুরস্কার পেলেন কিন্তু কৌতূহল নিরাময়ের জন্য যখন রতনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললেন, তখন রতন জানালো, "স্যার, নিমাই অত্যন্ত গরীব ঘরের ছেলে। আপনি সেটা ভালোভাবেই জানেন। ওর কোনো প্রাইভেট টিউটর ছিলো না। আমার সব বিষয়ের উপর প্রাইভেট টিউটর ছিলো। আপনার আবার জাতীয় পুরস্কার দরকার। স্যার আপনাদের দু-জনার সংরক্ষণ বা কোটার প্রয়োজন। তাই আমি প্রশ্নপত্র নিমাইকে সেই রাতে দিয়ে এসেছিলাম।" জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক মাথা নিচু করে হয়তো এটাই ভাবছেন যে তার শিক্ষা সত্যিকারের রতনকে চিনতে পারলো না, না পারলো প্রতিভাধর নিমাইকে...



0 Comments