
শালপাতায় লেখা ডায়েরী
অমিত চক্রবর্তী
অমিত চক্রবর্তী
একটি ব্যক্তিগত মনখারাপের দিনে
আমি বনবিহারীর সন্ধানে বেরোই,খানিকটা না বুঝেই কেন,খানিকটা তোলপাড়ে।
শোনা যায়,রামানন্দ নাম নিয়েছে সে,
শহর ছেড়ে আলো ছেড়ে
থাকে কোথায় শালবনে,মহুয়ার দেশে।
আমার চাহিদা অল্প,স্পর্শমণি নয়,একটা মন ভাল করা মন্ত্র
একটা মনখারাপের নিবারক।
অন্বেষণ শুরু করি –পুরুলিয়া,বাঁকুড়ায়; ঢুঁড়ে মরি পঞ্চকোট,ঝরনাকোঁচা তিলাবনি,
প্যাঞ্জোনিয়া সিন্দুরপুর।
বিষণ্ণ এক সন্ধ্যায় শেষে –গড়া নদী, নারোয়া পাহাড়–
সে কুটিরে এনার্জির ব্যাপ্তি আকাশছোঁয়া
আবাসীর ফেলে যাওয়া শ্বাস, আকুলতা
ঢেউ খেলছে হাওয়ায়,বনবিহারী নেই,
শালপাতায় লেখা ডায়েরী রয়েছে,ফ্যান্টাসি বা ফোয়ারা,
আঁকড়ে ধরি,দুহাতে –
“সন্ধানে বা ধ্যানে আমি এই সত্য পেয়েছি যে
সকলে সুস্থ না থাকলে কেউ নয়
সকলে ভাল না থাকলে কেউ নয়।"
কবি অমিত চক্রবর্তী
ম্যানহাটান, আমেরিকা



0 Comments