গুচ্ছ কবিতায় ~ দালান জাহান


দালান জাহানের গুচ্ছ কবিতা 

নদীর কথা

আমি এমন একটি নদীকে চিনি
যে মূহুর্তেই তোমার চোখ লাল করে দেয়
যার জলের ছোঁয়ায় 
তুমি হয়ে উঠো পরিপূর্ণ মানুষ ।

আমি এমন একটি নদীকে জানি
যে রোজ রাতে 
আলমারি থেকে তুলে নেয় 
তোমার সবকটা শাড়ি 
জলের জৈবিক স্পর্শে 
তুমি হয়ে উঠো কামোচ্চ ঢেউ। 

আমি এমন একটি নদীর জন্য কাতর
যার শীতল বুকে মুখ ধুয়ে যায়
আমার অতীত এবং ভবিষ্যত বংশধর।

অজ্ঞাত 

অজ্ঞাত সেই নারী
যাকে প্রথম দেখেছিলাম 
একটি রক্তবর্ণ আপেলের উপর
জ্বলন্ত মোমের ফোঁটায় গলে গলে পড়ছে।
যে পালিয়ে এসেছিল
এক বর্ণিল শহরের সমস্ত সুন্দর জ্বালিয়ে 
যার স্তনের বোঁটায় লেপ্টে ছিল
উত্তপ্ত সব বুলেটের খোসা।

শুধু মাত্র মানুষের ক্রন্দনে
প্রতিটি সিঁড়ির পাশে যে বসিয়েছিল
সশস্ত্র সৈনিকের কার্তুজ মাথা
ট্যাঙ্ক লরি পিস্টনের শব্দে
কেঁপে উঠেছিল যার হৃদপিণ্ড বুট।

অজ্ঞাত সেই নারী
যাকে দ্বিতীয় বার দেখেছিলাম
রক্তে-মোড়ানো কফিনের পাশে
আগুন-অন্ধকারে কেঁদে ছিলাম 
আকাশে মুখ তোলে।

অন্ধকার মুখ চেনা যায় 

রাত হলেই ঢুকে যাই সিরামিকের কৌটার ভেতর 
একটি হিমাঙ্গ হাত
আমাকে বের করে খাওয়ায় সকালের রোদ
আমি টনটন করে জেগে উঠি
কোন এক ধূলো পড়া হৃদয় বীণায়। 

বস্তায় ভরা অভিযোগ নিয়ে 
প্রতিদিন যাই জীবনের হাঁটে 
সোনার তেলে ভেসে যায় ইজারাদারের মুখ
সস্তায় বিক্রি করি অনাহূত সকাল-বিকাল।

সন্ধ্যা সময়টা প্রার্থনার
দাদু বলতেন এ সময় পৃথিবীর দেয়াল ফেটে
নির্গত হয় অন্ধকার অশ্রু 
এসময় মানুষের মুখ চেনা যায়। 

ইচ্ছে করলেই কাঁদা যায় না

কারন থাকলেও কাঁদা যায় না
উজাড় হয়ে কাঁদার জন্যও
একটা খোলা আকাশ লাগে
একলা ঘরে একলা মনের
এক পৃথিবী একা লাগে
ইচ্ছে করলেই যায় না কাঁদা 
কাঁদার মতো কান্না লাগে।

যার ঘর ভেঙেছে বুক ভেঙেছে 
ঘন কালো নদীর ঢেউয়ে 
বুকের পাঁজর সেও ভেঙেছে 
সেও হেসে যায় হাসির ছলে
গভীর রাতে কান্নারত 
বৃক্ষ বধির মুখ দেখেছে 
মরতে মরতে মরা মানুষ 
জাগে শুধুই দুঃখ জাগে
ইচ্ছে করলেই যায় না কাঁদা 
কাঁদার মতো জায়গা লাগে।

হায়রে পাখি দুঃখ পাখি
আর কতো আর কাঁদবে কতো
প্রতিদিনই কান্না জমে
মায়ের মতো মায়ের মতো।

শিল্পের শহরে ভালোবাসা নেই

জলদাসের জলকষ্টে শ্বাস ভাঙে মাতা মহুরী
বিম্বিত সাহসে শহীদের মতো 
পবিত্র হয় হেমন্ত বাতাস
চার রাস্তায় দাঁড়িয়ে অশ্রু ছাড়ে
মোড়ল বাড়ির বিধবা কুকুর 
কালের গর্ভে ঢুকে সন্ধ্যার ধ্বনি 
নিজের সামনে উলঙ্গ করে নিজেরই উচ্চারণ। 
নীলের ঘনত্ব মুছে 
সদ্য ভূমিষ্ট শিশুর কুয়াশা মাখা হাত
কান্নার অনুবাদে অঙ্কিত শিশির
মায়ায় পোড়ে- ছারখার মানুষেরা বলে
শিল্পের শহরে ভালোবাসা নেই
পলিথিনের মতো কবিতা ওড়ে।

কবি দালান জাহান
বোয়ার সেন্ট্রাল আফ্রিকা


0 Comments