হৃদস্পন্দন

  • Home


  • Download

  • Social

  • Feature


নিলাম 

এই তো হাত, মুক্ততল, বাতাসের খনি
শব্দ নেই, জেগে আছে রাশিচক্র
রোমকূপে কত আলোর কণিকা আত্মহত্যা করেছে
চোখের পাতায় আকাশের জলসত্র
কেউ এলে ইশারায় ভাসিয়ে দেবো দেওয়াল লিখন
ললাটের উপর ভরসা কম
চার আঙুলের দাগ রুগ্ন হয়েছে, ভঙ্গুর
আর কোনো ইচ্ছেসরণি নেই
যাতায়াতের পথে সাঁজোয়া ফুলের সারি কোথায়
উন্মুক্ত করতলে লোভের কালো দাগ
রক্তকণিকায় অবাধ‍্য চলাফেরা ইন্ধন জোগায়
মনে রাখার শাস্ত্র এককোষ জলে ডুবে আছে
ওখানে ছায়া আহ্নিক করবে
ঘুঙুর বাজলে কাজললতার সত্তা নিলামে ওঠে ...

কবি সোমনাথ বেনিয়া
নিমতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ







যাপনকথা

এত যে সাজাও কথা, শব্দের বিন্যাস
কোথায় যায় তারা সব, কোন লক্ষ্যে ?
ছড়িয়ে রয়েছে যত কমা-কোলন-ড্যাশ্
তাদেরও মানে আছে, এই যা রক্ষে !
কোনখানে কাকে বসাও কাকে তুলে নাও
একা হাতে গড়ো রোজ শব্দ-প্রতিমা ;
কাউকে ভরিয়ে আবার কাকে যে ফিরিয়ে দাও
এও এক কারুকাজ -- সামাজিক সীমায়।

ভাঙা আর গড়ার কাজে মগ্ন থেকে থেকে
তবু  কেন  চলে  যাও একা এক দ্বীপে ?
নিজস্ব নির্জনটুকু একলা ফেলে রেখে
ফিরে এসো এইখানে রোদের সমীপে।

রোদ থাক এবং থাকুক খানিক বৃষ্টি
রোদে-জলে থাকুক এই নিদাঘ যাপন,
কবিতায় কথায় শব্দে বাজুক সৃষ্টি
ব্যর্থতাও হয়ে থাক একান্ত আপন।

কবি স্বপন নাগ
ইছাপুর, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ




 







শিল্পতৃষ্ণা

লাবণ্যপ্রভা তুমি চলে গেলে
ঘরময় তীব্র ঘ্রাণ রেখে,
সেই গন্ধে জেগে থাকে বিনিন্দ্র
আমার কবিতারা-সারারাত!

ঘরময় পায়চারি করে 
এক শিল্পছায়া
দীর্ঘাঙ্গী সুন্দর তুমি লাবণ্যপ্রভা
যেনো পিকাসোর আঁকা আশ্চর্য সুন্দর 
নগ্ন নীল বিমূর্ততা।

নিভৃতে তোমার সঙ্গে মুগ্ধতায় 
জেগে থাকে অস্থির শব্দেরা----

আসলে তুমি তুমি নও,
তোমার ঘ্রাণের সঙ্গে
তোমার প্রাণের সঙ্গে
জেগে থাকে কবিতার অগোছালো শব্দ-রাশি রাশি 

আজ রাতে এই ঘরে 
কবিতার বৃষ্টি হবে 
ঘ্রাণে উন্মাতাল। 

আনন্দের এই ঘ্রাণ ডেকে আনে
এই মধ্যরাতের স্মৃতি 

আসলে তোমার সাথে আমার তো কোনো স্মৃতিই নেই,
আসলে কিসের ঘ্রাণ
কার শরীর ও চুলের ঘ্রাণে
মুগ্ধ হয়ে আছে শিল্পবোধ? 

উত্তর খুঁজতে গিয়ে কিছুই মেলে না, 
গাঢ় কুয়াশা কেবল। 
জীবনানন্দের মতো আমারও 
মনন জুড়ে শুধু ক্লান্তি আনে

কি এক বোধের কাছে 
ধরা পড়ে যায় 
শিল্পতৃষ্ণা ভরা মন
স্নায়ুর ভেতরে শুধু 
অসহ্য সুন্দর মাথা কুটে মরে...।

কবি প্রেমাংশু শ্রাবণ 
যশোর, বাংলাদেশ

























আমাদের চুপকথা

[পর্ব-১]

                                        সুবিমল

২রা এপ্রিল ২০১০ 

সকাল থেকে সূর্যের মুখ মেঘের অবগুন্ঠনে ঢাকা।আজ সারাটা দিন ধরে প্রকৃতির মধ্যে কেমন যেন এক অসম্ভব নীরবতা বিরাজ করছে।এখন গভীর রাত।পড়াশোনার ক্ষতি হয় বলে এখন পড়ার 
ঘরেই শুয়ে পড়ি। মিনু ওঘরে ঘুমাচ্ছে।আজ ডায়রির পাতা গুলোতে খুব হাত বুলাতে ইচ্ছা 
করছে,মনে হয় যেন এখানেই সেই ঘুমন্ত রাজকন্যে আজো বন্দী হয়ে আছে।   
এখন অখণ্ড অবসর।

ছেলেটা বড় হয়েছে,সংসারের হাল ধরতে শিখছে।ওদের মা কান্ডারীর মত নিপুন হাতে এতদিন সংসার চালিয়েছে।এখন ও শিখুক।আমার স্ত্রী মিনতি দক্ষিণ কলকাতার মেয়ে।সম্ভ্রান্ত বংশ বলে ওর একটা অহংকার 
আছে।ওদের আভিজাত্যের তুলনায় আমরা কিছুই নয়।

আজ কদিন হলো ছেলের বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করেছে।মেয়েও নাকি দেখে ঠিক করে ফেলেছে।মুখার্জিদার মেয়ে সুনিতা,বামন।মিনতি বলে,ওসব আর আজকাল কেউ মানে না।বরং এ বিয়ে নাকি অনেক গর্বের।সায় দিয়ে বলেছিলাম, (অবশ্য না বলে উপায় ছিল না) তা বেশ তো ব্যবস্থা করো গিয়ে। সমাজ অনেক বদলেছে।

-বদলেছে তো,বামুন-কায়েত, হিন্দু-মুসলমান,বাগদী, মুচি মেথর- সব 
মিলে মিশে যাচ্ছে।

মিনতির আগ্রহ দেখে হাসি পেয়েছিল।মুখে কিছু না বললেও মনে মনে জানি,সে সবই উপার্জিত,প্রতিষ্ঠিত ছেলে মেয়েদের বেলায়।পাত্র ধরার প্রতিযোগিতার বাজারে কন্যাদায়গ্রস্ত 
পিতাদের এটুকু উদার না হয়ে উপায় কি!  অবশ্য আমার ভাবনা নেই,সুমন (আমার ছেলে) বড় আই টি সেক্টরে সার্ভিস করে।ওর তো বামন মেয়েই জুটবে। 

চুপ করে আছি দেখে মিনতি বোধহয় খুশি হতে পারেনি।ঝংকার দিয়ে হাত নেড়ে জানায় -কোন 
জগতে পড়ে আছ তুমি?কিছু কি খবর রাখো না?

-খবর? রাখি তো। 

-তবে!

-ভাবছি।

ও বিদ্রুপ করে।বসে বসে সারাজীবন যত খুশি ভাবো।তোমার ভাবনা মানে সেই তো,কে এক অরুনা না 
বরুনা,কি যেন নাম!সত্যি তুমি মানুষ বটে।এত বছর হয়ে গেল তবু তোমার মোহ ঘুচল না!  

মুহূর্তে ধৈর্য হারিয়ে চিৎকার করে উঠি।মিনতির মুখে,শুধু মিনতি কেন!বোধহয় জগতের কারোর মুখে অরুনার 
নিন্দা আমি শুনতে পারতাম না।সে একান্ত আমার ভাবনা,তার অংশীদার আমি 
কাউকে হতে দেব না।

মিনতি আর কথা বাড়ায় নি।ধীরে ধীরে ও ঘরে চলে যায়।আমি জানি,ও আমার এই ভয়ঙ্কর ভাবনার জগতকে ভয় করে।এর মধ্যে অনেকবার অতি সন্তর্পনে ও ঢুকতে চেয়েছিল।আদর করে,অভিমান করে,ভালোবেসে।আজ হতাশায় বিদ্রূপ করে।

করুক,তবু না। এ শুধু আমার জগত।এখানে আমি সব,আমিই রাজা।আর অরুনা…
                                         
                                      রাত্রি
                        সুবিমল মজুমদার

১৫ এপ্রিল ২০১০

এখন রাত একটা।আমার সব লেখালেখি রাত জেগে।মিনু প্রথম প্রথম ঘোর আপত্তি করত-
তোমার বয়স হচ্ছে।শরীর খারাপ করলে কে দেখবে? সেই তো আমাকেই সব ঝক্কি পোহাতে হবে।হেসে বলেছিলাম- এখনো এত বুড়ো হয়ে যায় নি,
আমাকে নিয়ে তুমি অতো ভেবো না ত।আমি দিব্য আছি।

তাই মিনু আজকাল আর খুব একটা 
আপত্তি করে না।ওকে উৎসাহ দিই- তুমিও তো একটু- আধটু
লেখা-ঝোকা করতে পারো। 

ও মুখে কিছু বলে নি বটে,তবে মুখ দেখে বুঝেছিলাম,কথাটা বোধ হয় মনে ধরেছে।

ও অঘোরে ঘুমাছে,ঘুমাক।শুধু আমার চোখে ঘুম নেই।ও বলে,বুড়ো বয়সে ঘুম-নিদ্রা সব কমে যায়।যাগ গে।ও নিয়ে আর ভাবি না।সেদিন জোর করে মা-ছেলে মিলে হেলথ চেক আপ করিয়ে নিয়ে এলো।এখনো সুগার,পেসার নর্মাল দেখে ওরা খানিক 
নিশ্চিন্ত।

ছেলে আবার এবছর বায়না ধরেছে 
আমাদের বিয়ের রজত জয়ন্তী পালন 
করবে।এই এক ফ্যাসান হয়েছে আজকাল।লোকজন আত্মিয়-স্বজন ডেকে হৈ-হুল্লোড়,তারপর বুড়ো বয়সে ছেলে মেয়েদের সামনে
মালাবদল! ঘেন্না হয় আজকাল,ছি,ছি!

ছেলের সব আবদারই ওর মায়ের সম্মতি আছে।আমার আপত্তি কেইবা শুনছে! বিস্তর 
আয়োজন হচ্ছে।মা-ছেলেতে বসে বসে ফর্দ তৈরি করছে- কোথায় কাকে কাকে নেমন্তন্ন করবে? কী কী খাওয়াবে?প্যান্ডেল,লাইটিঙ,এমন কি মাইক পর্যন্ত…   

আমার মত জানতে চায়।বলেছি,যা ভালো বোঝো করো।তবে এই বাজে খরচের কোন মানে হয় না, এ কথাও শুনিয়ে দিয়েছি।

ছেলে অসন্তুষ্ট হয়- বাবা প্লিজ,জীবনটা ইনজয় 
করতে শেখো।

-এনজয়! জীবনে কত কষ্ট করেছি ,সে-কথা যদি জানতিস…

-সেই জন্য তো বাবা এখন আনন্দ করো,
উপভোগ করো।সারা জীবন দুঃখ বয়ে বেড়াবার মানে কী, 
বুঝি না।

সুমন অফিসে যায়।অফিস থেকে ফিরে বান্ধবীদের সঙ্গে ফোনে গল্প করে।ওরা অনেক বেশি স্মার্ট।তবে কি ছেলেকে ঈর্ষা করতে শুরু করেছি?ছি! ছি!তাই কখনো হয়?ওরা ভালো থাকুক ওদের জগত নিয়ে।

মনে হয় কতদিন নিজেকে দেখি নি।বুড়ো হয়ে গেছে কি? নিজেকে দেখতে বড় সাধ হয়।ধীরে ধীরে ড্রেসিং টেবিলের বড় আয়নাটার সামনে এসে দাঁড়ালাম।এটা বিয়ের সময় ওর বাবা দিয়েছে (এ ঘরের অর্ধেক জিনিসই ওর বাবার দেওয়া)।  

ইস! কতগুলো চুল পেকে গেছে।হাত বুলাতে থাকি মুখে,খোঁচা খোঁচা দাড়ি 
মুখময়।আয়নায় ও কার ছবি!ও কি তবে সেই সুবিমল মজুমদার!নাকি আর কেউ!সে দিন ছেলে অফিসে চলে যাওয়ার পর 
মিনতি ডেকে আয়নার সামনে দাঁড় করাই।দেখো,নিজেকে দেখেছ কেমন লাগছে?

-কেন! কি এমন দেখে আবার চমকে উঠল যে বড়!

-সময় জীবনের ওপর কেমন বুলডোজার চালিয়ে দিয়েছে তাই দেখছি ।

মিনু অবাক হয়ে যায় আমার কথা শুনে।ও বলে আজকাল তোমার সব কথা বুঝতে পারি না।কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ?

-অসুস্থ! হয়তো হবে।আচ্ছা মিনু আমাদের বয়স কত হলো?
-তা হয়েছে।

তুমি যে বছর রিটায়ার করলে সে বছর তো তোমার 
ষাট পেরলো।

-ও হ্যাঁ। তা বটে।আমি যে এখন বুড়ো হয়ে গেছি সে কথা 
আমার মনেই থাকে না।

-তবে সে তো এখন তোমার মত হয়েছে-
মাথার চুল পেকেছে,মুখের শিরা ফুলে 
উঠে…

ও তাড়াতাড়ি আমার কথায় বাঁধা দিয়ে বলে- হ্যাঁ,সেম এজ হলে...মিনতি অসন্তুষ্ট হয়।
আমি অরুনার কথা যত ভাবতে ভালোবাসি, মিনতি ততটাই ভুলতে চায়,ভোলাতে চায়।আজকাল ও হাল ছেড়ে দিয়েছে।তবে সব সময় ভয়ে ভয়ে থাকে -নিজের 
অধিকার হারিয়ে যাওয়ার ভয়।কিংবা এতদিন একসঙ্গে থাকার পরেও 
ভালো করে অধিকার না-পাওয়ার রাগ।

কি জানি মিনতি কি ভাবে!যা খুশি ভাবুক।তবু এত দিন যখন অরুনার জন্য অপেক্ষা করেছি 
জীবনের বাকি কটা দিনও তার পথ চেয়ে থাকব।

ক্রমশ...

                     

        লেখক বিশ্বনাথ প্রামাণিক

       বিদ্যাসাগর পল্লী, সোনারপুর, কলকাতা- ১৫০





চার অক্ষর

দু অক্ষর চার অক্ষর এত তার তেজ
তার কাছে সভ‍্যতার সংকট
শ্রম ক্লান্তি সব নিছক মেসেজ
তার পাশে দাঁড়িয়ে একদিন জ‍্যোৎস্না একেছি
অস্থির বাতাসে অশরীর পুড়েছি
চুপি চুপি, তার কাছে
চিরকাল মূর্খ হয়ে আছি
যেন আলোবরফের পাহাড়
গড়েছি লিখেছি ফের নতুন করে আকাশ গঙ্গার দেশ,যার ভেতরে আগুন বাহিরের জের
আরও গেলে ধুলোবালি,ছাই
তার পর যেতে যেতে অভিনয় অভিযোগ সব কিছু স্থির, বিশালাকার সফলতা তুমিও অধীর...

অন্তিম প্রবাহ

যদি চাও সবটুকু দেবো ঢেউ হয়ে সুর হয়ে কদমগাছ হয়ে যেমন লক্ষীছাপ অঞ্জলি তুলে দেয়,সূর্য যেমন অস্ত যেতে যেতে জ্বলে উঠে
কেমন করে হলো এসব?কেমন করে ?
তুমি কি জানো না অন্তিম প্রবাহ কাকে বলে ?
হিমযুগ ঘেঁটে আজও হাড়গুলি নড়ে
যেন শকুনির পাশা যেন সভ‍্যতার পাঁচটি মুন্ডু
বিশ্বাসের উলুখড় নড়ে
বুকের ভেতর সর্পচিহ্ন 
মেসেঞ্জারে আর কি কি ছিল
টুইটারে ইনস্টাগ্রামে...বলোনি তো আগে...

যমুনা তো ছিল না

ছোটবেলায় লেখালেখির অভ‍্যাস ছিল ?
স্কুল বাংক করে সিনেমা দেখার ?

ছিল ? 

জানলায় পর্দা উড়ে গেলে হাওয়ায় হাওয়ায়
অন্যের ব‍্যালকনিতে তাকানোর অভ‍্যেস
ছিল নাকি !
তাহলে কেস তো জন্ডিস ই ছিল ব্রো...

তুমি নি:শ্বাসের বায়ু
তুমি উদ্ধারের আঙুল
তুমি আমার ঘাতক
তুমিই আমার প্রাণ
বাই ডিফল্ট স্বপ্নে এসব বলার অভ‍্যেস ও ছিল
তাহলে...

হোলির দিন আবীর টাবির
কিংবা স্বরস্বতী পুজোর রাতে অন্ত‍্যাক্ষরী
...জনান্তিকে বলে রাখি, তখন তো ডেট ফেট ছিল না...
ভ‍্যালেনটাইন ডে ফেও না...

আজ এতদিন পর চোদ্দো তলায় ল‍্যাপটপের
সামনে তবে কেন, তবে কেন বৌদ্ধ যুগের ভাঙা
মূর্তির মতো নি:শব্দ সংকেত
অঝোর ধারায় ধুয়ে যাচ্ছে
যমুনা তো ছিল না
সোনার হরিণ, বকুল গাছ...
কৃষ্ণচূড়া?কদমগাছ না হয় ছিল ,ছিল না ?

দয়ার সাগর

ছিটেফোঁটা বাংলা পড়িনি তবু এই মুখে লেগে আছে বর্ণপরিচয়,বিদ‍্যাসাগর এটাই তোমার জয়
প্রবল নৈরাজ্যের মাঝে এখনো ব‍্যাকরণ কৌমুদী
চাল ডাল নুনের যোগান,আমার জন্য খরস্রোতা
নদী তুমি যে দয়ার সাগর কত কাজ সেখানে বিধবা বিবাহ কিছু বেশি কিছু কম
চারিদিকে মুগ্ধ ফুল চারিদিকে বকুল
তোমার দুশো বছর পূর্তিতে তাই এই পুণ্য ধামে আমরাও হাটি দুদশ কদম...

বোঝাপড়ার জন্য

শুধু এই বোঝাপড়া টুকুর জন্য তুমি জন্মভূমি
নাড়ি ছিড়ে এনেছো পৃথিবীতে, জননী
সুখ দু:খ ঘৃণা থেকে সুখবর বিযুক্ত করেছি বহু দিন, আমি এখন নিজের রক্তে দেখি বিষ
পাপস্পৃহা,অষ্টপ্রহর প্রার্থনা করি
এনোনা আর কখনো এনোনা আমায়
এই মরা পৃথিবীর শরীরের লতাতন্তু খুলে দেখেছি
হতাশা তার ও প্রবল
শুধুমাত্র প্রকাশটুকু নেই
কে থাকবে আর কে থাকবে না
এইসব নিয়ে তারো বেড়েছে দেনা
বিগত সময়ের কাছে আগামীর
জেনেছি বহু পরে একটি ধুলিকনা
সরাবার সাধ‍্য নেই কারো,যোগ‍্যতা তো কোন ছার,মাই ফুট...

কতদিন চেয়েছি

কতদিন চেয়েছি তোমার হাতে ভোরের রজনীগন্ধা তুলে দেব
তুলে দেব আস্ত একটা বিকেল
রাইনো মারিয়া রিলকে
যে বিকেলে তুমি পড়বে ডুইনো এলিজি...
পবিত্র চোখের জল আমি তুলে নেবো দুহাতে
আমি যত বৃষ্টি হই 
তুমি তত সাগর,আধার 
নদী নালা পার হয়ে রোদ্দুর চলে গেছে
কবেই ছায়া নিয়ে বসে আছি দুজনায়
ভেজা ঠোঁট ক্রমশঃ অস্থির
শূন্য এসে খেয়ে নেয় সব...

ঘরে ফেরার সময়

বহু দিন মানুষের কাছে কাটালাম এবার ঘরে ফেরার পালা,আজ আমি শাল সেগুন
সুন্দরী গরান লতাগুল্মের সঙ্গে কাটাবো
পাতার ফাঁক দিয়ে সূর্যাস্ত দেখবো
কতদিন আমাদের নতুন পুকুরের জলে ডুব দিয়ে গেড়ি গুগলি প‍্যাকাল মাছ তুলে আনা হয় নি
চিৎসাতার ডুবসাতার সব অপেক্ষা করে আছে
নির্লিপ্ত অথচ নিবিড়
অযাচিতভাবে হরিণ শিশুর দল পায়ে মুখ ঘষছে
ক্রমশ অস্পষ্ট হয়ে যাচ্ছে আমার দুচোখ
আর চন্দ্রমল্লিকার সংসার জুড়ে আছে শুধুই লাবণ্য,  ডাকাত মেঘগুলো সব

এদিকেই আসছে, হৈ হৈ বৃষ্টিদৃশ্যের মাঝে মৌনমিছিল, বুঝলাম এই হলো আমার সঠিক পথ,এতদিন ভুলেছিলাম এই আমাদের ঘরবাড়ি
এতদিন ভুল পথে হেঁটে গেছি
সুরা সুন্দরীদের কাছে

কবি হীরক বন্দ্যোপাধ্যায়
   মালঞ্চ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান




























হৃদস্পন্দন ম্যাগাজিন 
প্রথম বর্ষ ~ একাদশতম সংখ্যা 
বিশেষ ভ্রমণ সংখ্যা 

সূচিপত্র:

মেঘনা রায় ॥ সংগ্রামী লাহিড়ী ॥ অসীম বিশ্বাস ॥ সৌমী গুপ্ত ॥ শ্রাবণী গুপ্ত ॥ বিকাশরঞ্জন  হালদার ॥ ড: দেবদ্যুতি করণ ॥ চন্দন আচার্য ॥ প্রতীক মিত্র ॥ 


অরণ্যর বর্ণ পরিচয় 

অচেনা ঝরনার কাছে অবহেলে হেঁটে যাওয়া খুব সহজ নয়। মাতাল জঙ্গুলে গন্ধ তীব্র এক পিছুডাক ছড়িয়ে রাখে ।ব্যস্ত সড়ক পথ রহস্য রাখেনা সে বড় সোজাসাপটা খোলামেলা তাই তাকে পড়ে নেওয়া সহজ।কিন্তু ইতস্তত সবুজ আলোয়ান গায়ে জঙ্গুলে সুঁড়ি পথে হঠাৎ আ্যালার্ম কল কিম্বা গাড়ি বিগড়ে গিয়ে  বিশাল ঘাসের জমিতে চিতলের সাথে অনর্গল বৃষ্টি ভেজা আলাভোলা সবুজের কাহিনী প্রলম্বিত রেশ রেখে যায়।সেই  কোন ছোটবেলা থেকেই  বিভুতিভূষণ, বুদ্ধদেব গুহর জঙ্গলময় পাঠশালায় আমার নাম লেখানো। শীতের শুষ্কতায় কেমন করে ভিজে যায় কুয়াশার  বনপথ, পর্ণমোচী আরণ্যক প্রতিভাস কেমন করে ভ্রামণিকের চোখে আদুরে হয়ে ওঠে, এই আরণ্যক সংহিতার পাঠ তো ওনাদেরই দান। ওনাদের  হাত ধরে এবারের হঠাৎ জঙ্গল সফর  হাতে কলমে শিক্ষার পাঠ বৈ তো নয়।নিঃস্বার্থ ভাবে শুধু মাত্র জঙ্গল আর বন্যপ্রাণী কে ভালোবেসে তাদেরই রাজপাটে কটা দিন  কাটানো। আমাদের যত রকমারি জঙ্গুলে বন্ধু আছেন যারা বেড়ানো বলতে কেবল জঙ্গলই  বোঝে তাদেরও  চমক দেবার জন্যই এই অরণ্য বি.আর.হিলস. কে ঘিরেই এবারের কিসসা।

প্রথমে উড়ান পথে ব্যাঙ্গালোর,তারপর গাড়ি বাহনে মাইসোর হয়ে ১৭৩ কিলোমিটার পথ পাড়ি দিতে দিতে গনগনে গরমের মধ্যে দিয়ে একটানা ব্যাঙ্গালোর থেকে ধুলো খেতে খেতে আসছিলাম। আমাদের ড্রাইভার সাহেব ধবধবে সাদা উর্দির ভেতর থেকে উঁকি দিচ্ছেন অতি সজ্জন মানুষ । তবে হালকা তালকানা আছেন বলেই রাস্তা গুলিয়ে গাড়ি এপাশে —ওপাশে নাচিয়ে খেতের পাড় ধরে ধুলো ওড়াতে ওড়াতে একেবারে ডাঁই করা আখের সামনে এসে গাড়ি খানা দাঁড় করিয়েছেন। তবে এই সুযোগে আখ চাখাও হল রাস্তার হদিস ও পাওয়া গেল।জানালা দিয়ে  ভারী শুকনো লু বইছে।  মনের সুখে দু পাত্তর মিষ্টি আখের রস পেটে পরা মাত্রই দু-চোখে দুপুর বাবুর ঘুম একেবারে ঝুপ  করে নেমে এল।সেই সুখনিদ্রা ভাঙতে ভাঙতে রাস্তার দু'ধারে কাবেরী নদীর জল নিয়ে আদালতের রায়ে অখুশি মানুষের মিছিল টপকে রুক্ষ সবুজ প্রকৃতিকে ধুলো ধোঁয়া মাখিয়ে বিলিগিরিরঙ্গনাবেট্টা ( বি.আর.হিলস.) পাহাড়ের মধ্যে ঢুকে গেলাম। এখানে বলা প্রয়োজন নদী কাবেরী নয় আমাদের গন্তব্য কাবেরীরই এক শাখানদী কাব্যময়ী কাবিনীর আশ্রয়জাত অরণ্য।  আমরা হলাম গিয়ে শহুরে লোক সামাজিক গৃহপালিত।  জঙ্গলের বর্গীয় জ নিয়ে যাদের কোনো ধারণাই নেই। পরিষ্কার বুঝতে পারলাম কী করে একটা সটান রাস্তা ফস করে জঙ্গল হয়ে গেল।ডায়নে বাঁয়ে যত দূর চোখ যায় পাহাড়ের ওপর থেকে নীচ অবধি ঘন সবুজের বল্লরী ওম।বেলা শেষের সোনালি রোদ জরির নক্সা বুনছে ঐ শ্যামল অঙ্গবাসে। বাঁ দিকের নদীর ভগ্নাংশে  একটা বাইসন জল খাচ্ছে। তার একটু বিলম্বিত ধ্যাবড়নো ছায়া পড়েছে জলে। ঐ তো ফরেস্ট লজের প্রবেশ মুখের রাস্তায় দুটো ময়ূর কী সুন্দর র‍্যাম্পে ক্যাট ওয়াক করছে। ময়ূর থেকে চোখ সরাতে না সরাতেই ঝোপের আড়াল থেকে কয়েকটা স্পটেড ডিয়ার বেরিয়ে  বিদ্যুদবেগে ভ্যানিশ হয়ে গেল।আমি বিড়বিড় করে বললাম 'ব্যাম্বি'। ড্রাাইভারজি সবেগে উত্তর দিলেন 'বাম্বু নহী ম্যাডম ,ডিয়র হ্যায় ডিয়র। "

—রাত যামিনী —
    
ঘোঁৎ!যে দিকে তাকাচ্ছি সে দিকেই অজস্র দাঁতাল।  প্রকৃতির বুনো শুয়োর আজগুবি সব শব্দ করতে করতে ঘোরাঘুরি করছে। সান্ধ্যকালীন চায়ের আসরে এসেছি গোলঘরে।  কিছু শুয়োরের চেহারা  দেখলেই মনে হয় তাদের জন্মই হয়েছে গৃহস্বামীর টেবিলে সসেজিত অবস্থায় পৌঁছানোর জন্য।কিন্তু এখানে যাদের দেখছি তাদের শরীর  রীতিমতো ব্যায়াম করা। গায়ের ওপর ছাই ছাই রঙের  নিপুণ কেশ বিন্যাশ। ডাইনিং কাম গোল ঘরটাও ঠিক ঘর নয়। আকাশের নীচে নৈশভোজ করার জন্য একটা খুঁটির ওপর  চারদিকে কাঠামো খাড়া করে তার মাথার ওপর পাখি আর বাঁদরের উৎপাত থেকে বাঁচার জন্য লোহার জালের শক্ত একটা নেট দেওয়া।এ বাদে গৃহপালিত আর বন্যজন্তুর জন্য অন্তত নৈশভোজের সময় টুকুতে আর বিশেষ কোনও বেড়া নেই। আপাতত ভরা জঙ্গলে গোলঘরের একধারে কাঠের ওপর কাঠ চাপিয়ে বনফায়ারের ব্যাবস্থা হয়েছে। কফি ফলের গন্ধে এখানে সন্ধ্যে নামছে পা টিপে টিপে। পাহাড়ের গা বেয়ে নেমে আসা একটা হালকা ভেজা ঠান্ডা বাতাস রকিং চেয়ারে আধশোয়া আমাকে জঙ্গুল ঋজুদা, পৃথু,উত্তর বঙ্গের অর্জুনের কথা মনে করাচ্ছে।  জঙ্গলের মহাকাব্যে স্বয়ং বুদ্ধদেব গুহ  মনের  গভীরে বাসা বেঁধে রয়েছেন।আসলে আমি তো ওনার সৃষ্ট চরিত্রদের সাথেই জঙ্গলে আসতে চাই  বারবার। কিন্তু বনের পরে বন তারও ওপারের বন অন্য কথামালা সাজায়। 
দূরের গেস্ট হাউস থেকে টেবিল টেনিস খেলার শব্দ ভেসে আসছে। মৃদু হলুদ আালোয় ঠান্ডা বিয়ারের বোতল বুদবুদ কাটছে। গোলঘরের পেছনে ঝিঁঝিঁর ডাক।  মাথার ওপরকার নীলাভ চাঁদ  আকাশে বিরামহীন যাত্রাপথে লক্ষ তারার চুমকি দিয়ে ক্যানভাস এঁকেছে। অন্ধকারের প্রাগঐতিহাসিক গন্ধ আমায় স্বমূলে নাড়িয়ে প্রাকৃতিক রোম্যান্টিকতার অতলের শেষ  ধাপে  নিয়ে যাচ্ছে। যেখানে মনের কোনও আগল নেই,শাসন নেই।গোলঘর থেকে একটা কাঁচা রাস্তা এঁকে বেঁকে আমাদের লগহাটের দিকে চলে গেছে। একটু গা ছমছম করা রাস্তার দু'ধারের গাছে গাছে ঝোলানো নিবু নিবু লণ্ঠনের আলো পথ দেখাচ্ছে।নৈশভোজ আর প্রকৃতিরসাথে তুমুল রোমান্টিকতা শেষ করে ঘোর বাস্তবের পথ ধরে লগহাটের দিকে হাঁটা লাগালাম।এই একটু খানি সিম্পল রাস্তার মধ্যে কোনও এডভেঞ্চার থাকবেনা এমন একটা নিশ্চিত ধারণা নিয়েই অন্ধকার খাড়াই ধরে কিছুটা গিয়েছি মাত্র;কেমন একটা খসমস শব্দ শুনে দাঁড়িয়ে গেলাম।  অন্ধকারে চোখ ধাতস্থ হতে দেখি এক ব্যাটা দাঁতাল তার প্রাইভেট প্রপার্টি  রক্ষা করার  ভঙ্গিতে তেরিয়া হয়ে দাঁড়িয়ে আছে।  অবস্থা বেগতিক দেখে পশ্চাদপসারণ করতে যাচ্ছি  দেখি জঙ্গল লজের একটা লোক উর্ধশ্বাসে ছুটে আসছে। স্পষ্ট বাংলায় বলেন "আরে আরে আপনারা করেন কি?এই অন্ধকারে এমন করে যেতে আছে? বুনো শুয়োর খেপে গেলে বাঘ অবধি মেরে টাগ করে দেয়। আপনারা তো কোন ছার!" আমাদের বিপরীতমুখী সমস্বরের পুলকিত জিজ্ঞাসা "আপনি বাঙালি বাঃ!"
   
 —ফরেস্ট মডেলচন্দ্র—
    
আমাদের  মতো টুরিস্টদের মনে মনেও একটা চোরা কমপিটিশন থাকে যা অস্বীকার করার উপায় নেই।এখানে এসে ঐটা দেখতে হবে ওমুকটা বাদ গেল।ইশ!! কী করে মিসেস দেবরায় কে বলবো সারা দিনমান চক্কর কেটেও আস্ত বাঘ কেন একটু হলুদ কুচিও দেখতে পাই নি।তাই স্বভাবতই ঐ রিপু দোষেই আমরাও বাঘ দর্শনের জন্য হন্যে হয়ে গেলাম।সেই ভোর বেলার জঙ্গল সাইটিংয়ে শুরুর থেকে একগাদা সম্বর হরিণ,জায়েন্ট স্কুইরাল,বার্কিং ডিয়ার, লেঙ্গুর, হাতির পাল, ময়ূর, এক লক্ষ পাখি দেখে টেখে একদম ক্লান্ত হয়ে ফিরে এসে গোলঘরে চা আর টা খাচ্ছি কিন্তু মন বেচারা খুব ঝুলে আছে। "তোমার দেখা নাই রে মামা তোমার দেখা নাই।" সুরজিৎ এর সেই বিখ্যাত গানের কলি লগ হাটের এপ্রান্ত থেকে সেপ্রান্তে দৌড়ে বেড়াচ্ছে।হঠাৎ এক নব্যবিবাহিত কাপলের আবির্ভাব ঘটল।হাই হ্যালো ইত্যাদি কুশল বিনিময়ের পরে কী কী  জন্তু দেখলেন প্রশ্ন করলেন তারা।আমাদের উত্তর শুনে চোখ কপালে তুলে বললেন 'সে কি আপনারা এখনও  বাঘ দেখেন নি? "আমি আশ্চর্য  হবার  সময়টুকুও পেলাম না যেন।কী বলে এরা? বাঘ কি শপিং মলের জিনিস? ইচ্ছে হলেই দেখা যায়? দরদাম করা যায়! ওনারা এমন ভাব করলেন যেন মনে হল চিড়িয়াখানা থেকে বাঘ দেখে ফিরব। পরে হাতরে পাতরে জানা গেল নব বর কার্তিকের বাড়ি শিকারী ফ্যামিলি।  তাই তাদের এতো বোল বোলা আর কী!! মনটা একটু খিঁচড়ে গেল। যাইহোক বাইরে বেরিয়েই দেখি বোর্ডে লেখা বিকেল বেলাতেই  আর একটা টাইগার সাইটিং হবে।বৃথা আশা মরিতে মরিতেও মরে না। 
এবার অন্য বুদ্ধি পাকড়াও করলাম।লজের সব স্টাফ দের পুছপাছ করে  জানা গেল এখানে বাঘ দেখানোর কেতা লোক আছেন থাপা সাহেব।এই থাপা সাহেবের সাথে বড়ো বেড়ালদের দোস্তি কিঞ্চিৎ অধিক।লজের পেছন দিকটায় ওনার কোয়ার্টার। গুটি গুটি  পায়ে হাজির হয়ে নক করলাম ওনার দরজায়।উনি "কৌন হ্যায়" বলে  বেরিয়ে এলেন।  বেশ শক্ত পোক্ত চেহারা থাপা সাহেবের।  তবে নাকের নীচের গোঁফ জোড়ার বিস্তার  দেখে মনে হল এই গোঁফ বিলাসী ভদ্রলোক কে দেখে বাঘ ও বোধ হয় মুচকি হাসে।"গোঁফের আমি গোঁফের তুমি গোঁফ দিয়ে যায় চেনা "এই বাংলা প্রবাদ টা ওনার জানা নেই  বলে একটু দুঃখ পেলাম।মহিলা  সহযাত্রী হিসেবে এডভান্টেজ নিয়ে আমি ও কান এঁটো  করা হাসি  দিয়ে সোজা ওনার সাথে হ্যান্ডশেক। ঐ শেক অবস্থাতেই আবদার টি পেড়ে ফেললাম।একটু ন্যাকা গলায় বললাম ওনার সাথে বাঘ দেখতে যেতে চাই।  উনি ও রসিক মানুষ ধরে ফেললেন বেশ। পরে শুনলাম আমার আবদারটা নাকি অনেকটা কাবাডি খেলতে যাব স্টাইলের বলা হয়েছিল। কারণ খোলা জঙ্গলে ফেস টু ফেস বাঘ দেখা তো সহজ কম্ম নয়। প্রথম জঙ্গল ভেঞ্চারে যদি একটা আস্ত বাঘের দেখা কপালে থাকে তবে তার কেতাই আলাদা।যাইহোক নিন্দুকদের কথায় কান দিতে নেই।আসলে বয়স জনিত কারণে উনি সাইটিং করান না এখন।তাই এতো নাটক। 
উনি ও শর্ত দিলেন বাঘ যেখানে থাকে সেখানে আর কেউ থাকে না।হয় বাঘ দেখতে পাবেন নইলে কিছুই পাবেন না—কি রাজি?  যা বোঝার বুঝে গেলাম সে দেখা না দিলে সম্বর বা বাইসন কেন একটা বেঙুরেরও দেখা পাব না।খেলতে যখন নেমেছি ময়দান ছেড়ে ভাগবো না। 
অবশেষে রওনা দিলাম দুগ্গা দুগ্গা করে। ওনার গাড়ি কিছুক্ষণ চলার পর পিচের রাস্তা ছেড়ে কাদার রাস্তায় নামল। তারপর ঘাসের রাস্তায় নামল।  শেষে রাস্তা বলে  আর কিছুই রইল না।  থাপা সাহেব দুঃখ করলেন   আাগে উনি গাড়ি নিয়ে বেরোলেই গোটা দুই বাঘ অন্তত দেখা দেবার সংকল্প নিয়ে  বেরিয়ে পড়ত।আর এখন —ছোঃ! এই সব কথা  শুনতে শুনতে বহুদূরে চলে এসেছি।গায়ের ওপর সূক্ষ্ম ধুলোর একটা আবরণ তৈরি হয়েছে। হঠাৎ থাপা সাহেব জিপটা থামিয়ে মুখের ওপর আঙুল রেখে বললেন "শশশ।" কোথাও কোনও শব্দ নেই, বাঘ দেখে বাঁদরের পালিয়ে যাওয়া নেই, শ্বাপদের গন্ধে জঙ্গলের মধ্যে থেকে হরিণের ডাক নেই —সেই অসম্ভব নিস্তব্ধতার মধ্যে শুধু চোখে একটা বাইনোকুলার লাগিয়ে থাপাজির আঙুল ফলো করলাম —বাঘ। 
জলার ঠিক উল্টোদিকে সে রাজাগজার মতো এলিয়ে পড়ে আছে এক কাত হয়ে। দেখে মনে হচ্ছে যেন সামনের ঘাসের জমি ইজারা নেওয়া আছে পায়চারি করতে বের হবে তা-ই রিলাক্স মুড। থাপা সাহেব গাড়িটা আরও কিছুটা  এগিয়ে নিলেন ইঞ্জিন বন্ধ করে।মিনিট পাঁচেক দমবন্ধ অবস্থায় কেটে গেল (বলার সময় অবশ্য বাড়িয়ে  মিনিট পনেরো বলেছিলাম) —ব্যাটা হঠাৎ বোধ করি মানুষের গন্ধ পেয়ে গোল করে ঘুরে  উঠে দাঁড়াল। তারপর এক বিশাল হাই তুলল। বাইনোকুলার ছাড়াই খালি চোখে দিব্যি ভালো পরিস্কার দেখা  যাচ্ছে বাঘমামা কে।মনে হল জলা থাকলেও যদি মামা হঠাৎ ছুটতে শুরু করে তা হলে এক কান্ড হবে। ফরেস্ট মডেল বাঘারুচন্দ্র হাই তোলা শেষ করে সটান আমাদের দিকে তাকিয়ে রইলো। তারপর একটুও পাত্তা না দিয়ে দুলকি চালে গাছপালার মধ্যে ঢুকে গেল। গেল তো গেল  আর এল না। থাপাজির মুখ উত্তেজনায় লাল হয়ে গেছে  আমার স্পন্ডালাইটিস ওয়ালা  কাঁধে এক  চাপড় মেরে বললেন—"ক্যায়া বোলাথা না, হামনে ক্যায়া?"  সে চাপড়ের বোঝা এখনও কাঁধ থেকে নামাতে পারিনি।সেই দিন ফিরে এসে আমাদের নামের পাশে বোর্ডে টাইগার সাইটিং-এর ঢ্যারা পড়ল।আমরা বড় মুখ করে রাজা উজির মারলাম।সেই  শিকারী কাপল বেরিয়ে এসে বললো  আমরা নাকি দারুণ লাকি গাইস।  সেই রাতের  ডিনারের আগে এক পশলা ব্লুলেগুন মাতিয়ে দিলো। মনটা পুরো  ফুরফুরে বিন্দাস হয়ে গোলঘরের রক এন্ড রোল চেয়ারে বসে বুঝি সত্যি ই একটা পাখি হয়ে রাস্কিনবন্ড আর বুদ্ধদেব গুহর হরেক কিসিমে’র জঙ্গুলে  বইয়ের জঙ্গলে টুপুস টাপুস করে  উড়ে বেড়াতে লাগলো। 
পরদিন লগহাট ছেড়ে নেমে আসছি হ্যামকে শেষ বার চড়তে গিয়েও হাত ছেড়ে আসছে।  কাবিনী  যাবার পথে  বরাদ্দ দেড় দিনে এই অরণ্য প্রথম পাঠে নিজেকে উজাড় করে দিয়েছে।  ক্রমাগত পাহাড় ডিঙনো মন কে আরণ্যক নির্জনতায় পাখপাখালির আড্ডায়  ভিজিয়ে সতেজ করে  দিলো। কটেজের রাস্তার দিশারি লণ্ঠন গুলো খুলে নিয়ে গেছে কেউ।  লগহাটের ঠিক সামনেই একটা বেগুনি ফুলের গাছ। ঝেঁপে ফুল হয়ে আছে।  এসে থেকে ভাবছি ভালো করে দেখব ছোঁব কথা বলবো তা আর হয়ে উঠল কই ? ঐ বেগুনি ফুলের  নীচে আমাদের সেই  সাদা উর্দি পরা তিনি দাঁড়িয়ে আছেন। ফরেস্টবাংলোর লাইব্রেরি থেকে সেলিম আলির  বইটা নিয়েছিলাম "দা ফল অফ আ স্প্যারো"সেটা রাখতে গোলঘরে গিয়ে দেখি সকালের সাফারির  জিপটা জাস্ট বেরিয়ে গেল। টেবিল থেকে এখনও কড়া দুধেলা কফির গন্ধ মুছে যায় নি।টেনিস টেবিলের ওপর কে যেন একটা ছাতা রেখে গেছে।  কী মনে হতে ওদের  স্টোর থেকে একটা জ্যাকেট কিনলাম  খয়রির ওপর  সাদা  সুতো দিয়ে "জঙ্গল রির্সট "লেখা।মনটা খারাপ করব না ভেবেও হয়ে যায় কেমন করে  যেন। সবাই আমরা এ ভাবেই একটা নতুন জায়গা ছেড়ে আর একটা নতুন পাওয়ার আশাতে যাই।গাড়িতে ওঠার সময় লজের লোকজন বললোএ তো বি.আর.হিলস দেখলেন,কাবিনী যান কাবিনী।বললাম " কাবিনী ই তো যাব  এ-ই  টা তো কাবিনীর বাফার এরিয়া —বর্ণ পরিচয়ের প্রথম ভাগ। গাড়িতে উঠেই বলি " ড্রাইভার জি কাবিনী চালিয়ে। "

লেখিকা মেঘনা রায় 
কল্যাণী, নদিয়া, পশ্চিমবঙ্গ 




    
             



পাহাড়ি অচেনা গ্রাম

এখানে তিস্তা চলেছে খরস্রোতা ছন্দে। দুধারে সবুজ শ‍্যামলিমাময় পাহাড়গুলো আগলে রেখেছে তাদের । তিস্তা পেরিয়ে প্রায় আড়াই ঘণ্টা গাড়িতে পাকদন্ডী বেয়ে ওঠার সময় আশেপাশে ছোট ছোট গ্রাম পেরিয়ে সাজানো অফবিট জায়গা বা গ্রাম সামসেট। তারপর খানিকটা আরও এগিয়ে গেলে কালিম্পং আর রংপোর ঠিক মাঝখানে নিজের ছন্দে একান্তে গড়ে ওঠা ছোট্ট গ্রাম মাণ্ঝারজঙ।অহংকারের অলংকারে অলংকৃত।যার আছে অমন মনোহরনকারী কাঞ্চনজঙ্ঘার শ্বেতশুভ্র শিখর তারই অহংকার সাজে। পাহাড় এখানে গাম্ভীর্যের আবরনে ঢাকা। তুমি তাকে আলিঙ্গন করতে পারবে না। যেদিকে চোখ যায় নীল আকাশের নিচে দূর দূরান্তে শুধু বরফের শিখর। মাঝখানে একফালি আকাশের নিচে বিস্মৃত  হতে হয় নিজের অস্তিত্ব...নগণ্য লাগে বড্ড। সূর্যরশ্মি রাতের অন্ধকারে মিলিয়ে যাবার আগে সোনালী ভুল বললাম সোনার আবীর ছড়িয়ে দিয়ে যায় সারা আকাশ জুড়ে। যেন সোনা মেখেছে গায়। বরফের চূড়া গুলো সোনায় সোহাগা হয়।কি অভূতপূর্ব দৃশ্য  নিজের চোখে না দেখলে অবিশ্বাস্য। আবার রাত্রির চাদর সরিয়ে ভোরের আলো যখন স্পর্শ করে আকাশ ,পাহাড় ,পর্বত চূড়া... আবছা কালো...সোনালীবর্ন ও সর্বশেষে শ্বেতশুভ্র আবরনে বড্ড অহংকারী সে।  

বহু নিচে ক্রন্দসী তে তিস্তায় সুনীল বুকের উপর জমা হয় অভিমানী মেঘ। তুমি তাকে দেখে আপ্লুত হবে শিহরিত হবে ঠিকই কিন্তু মায়ার আলিঙ্গনে জড়িয়ে রাখবে এমন স্পর্ধা হবে না।একদম ভোরবেলা যখন রাত্রির অন্ধকারের চাদর সরে যায় আস্তে আস্তে তখন ওই পাহাড়ী চূড়াগুলো সূর্যের প্রথম রশ্মি মাখে গায়।একদম যেন ২৪ ক‍্যারেট সোনায় মুড়ে দিয়েছে কেউ।চারিপাশে অগুনতি শৃঙ্গ। তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চূড়াগুলো একদম ধবধবে সাদা হয়ে যায়।তার অনেক নীচে অভিমানের মেঘ জমে পাহাড়ের কোলে। আর কিছুটা রঙ্গীত ও তিস্তার বুকে ।এক খন্ড মেঘ জমে ক্রন্দশীতে।আরও রোদ্দুর বাড়ে,সবাইকে চমকে দিয়ে দুটো শৃঙ্গের মাঝে কাঞ্চনজঙ্ঘায় স্পষ্ট হয়ে ওঠে ওঁ লেখা। অভূতপূর্ব! নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না।সেই ওঁ নিজের উপস্থিতি জানান দেয় স্বমহিমায়। প্রচলিত মত অনুযায়ী ওই ওঁ হল স্বয়ং শিবের মাথায় বিরাজ করছে। ঠিক ওই মুহূর্তে মনে হচ্ছিল আমি সত্যিই স্বর্গীয় প্রকৃতির কোলে যেন ক্ষুদ্র এক মানবী! মেঘবালিকার দল ক্রমশ বিলীন হয়ে যায় আকাশে। শৃঙ্গ ঢেকে যায় থোকা থোকা জুঁইসাদা মেঘে। মাঞ্জারজঙ থেকে তিস্তা যেখানে মিশেছে রঙ্গীতের সাথে ওই জায়গাটা দেখা যায় । তিস্তা সবুজ হলেও রঙ্গীত কিন্তু পরিষ্কার আকাশবর্ণা!এখানে চারিদিকে কমলালেবুর বাগান আর আছে গোল গোল ছোট ছোট কাঁচালঙ্কা। তীব্র ঝাঁঝ তার ! ঝালেও কিছু কম নয়! 
পাহাড়ি উপত্যকা গুলো অজস্র নাম না জানা ফুলে ঢেকে যায় এইসময়! অনেক ঝোরাও আছে চারিদিকে। তবে এখন শীতের সময় পাহাড় নিজের কাছে বরফের চূড়ায় জমিয়ে রাখে উচ্ছল জলরাশি। সন্ধ্যেটা নেমে আসে ঝপ করে।পাহাড়ের গভীর খাতগুলো ভয়াবহ আকর্ষণ নিয়ে বিলীন হয়ে যায়।একটা দুটো আলো জ্বলে স্থানীয় বসতিতে। তারপর গোটা পাহাড়ে যেন কেউ ফানুস জ্বেলেছে মনে হয় ।সূর্যটা পুরোপুরি নিভে যাওয়ার আগে গোটা আকাশে আগুনের আবীর ছড়িয়ে দিয়ে যায় ! তিস্তার দুধারে সাদা বেলাভূমিতে ছড়ানো ছিটানো নুড়ির গায়ে চাঁদের আলো গলে পড়ে । তিরতির করে বয়ে চলে সবুজ নদী।পাইনের বন থমকে দাঁড়ায় দুধারে বোবা কান্না নিয়ে।এখান থেকে জলসাঘর দেখা যায় যেখানে স্বয়ং রবি ঠাকুর ছিলেন বেশ কিছুদিন । সবমিলিয়ে মনে হয় কোনও অজানা মায়াময় পৃথিবীর নির্জন প্রান্তে চলে এসেছি একান্তে যেখানে জন কোলাহল নেই,নিজস্ব ভঙ্গিতে প্রকৃতি নিজেকে সাজিয়েছে দুহাত ভরে। তবে যদি কেউ চায় আর্টিফিশিয়াল কোনও আনন্দে মাতবেন সেই সুযোগ কিন্তু নেই। এই প্রকৃতির কোল একদম নির্জনতায় ভরপুর‌।

সাহিত্যিক সৌমী গুপ্ত
১৬২, রাইফেল ক্লাব রোড, কলকাতা, পশ্চিমবঙ্গ















প্রকৃতি যখন ভাস্কর -গ্র্যান্ড ক্যানিয়ন

সেই কতযুগ আগে ওরা থাকতো উঁচুনিচু পাহাড়ি জমিতে ঘর বেঁধে। রুখোশুখো জমি,লাল মাটি। সেখানেই লাল লাল মানুষগুলোর ঘর। ওরা নিজেদের বলে হুয়ালাপাই। একসঙ্গে দল বেঁধে শিকার করে আনতো, জঙ্গল থেকে ফলমূল কুড়িয়ে ভাগ করে খেতো। সুখের জীবন। হঠাৎ আকাশ থেকে দেবতা পাঠালেন বৃষ্টি। এমন বৃষ্টি তারা কোনোদিন দেখেইনি। জল এলো ঝাঁপিয়ে,বন্যায় ভেসে গেল ঘরবাড়ি। সবাই সর্দারের কাছে কেঁদে পড়লো, "সর্দার, একটা কিছু কর।"হুয়ালাপাইদের সর্দার খুব সাহসী, বন্যাকেও ডরায় না।বেরিয়ে পড়ল নিজের বিরাট ছুরিটা নিয়ে। সবাই অবাক হয়ে চেয়ে আছে। তাদের চোখের সামনে সর্দার জমির ওপর ছুরি বিঁধিয়ে দিল। দেখতে দেখতে চোখের সামনে মাটি খুঁড়ে নালা কাটা হলো। বন্যার জল সেই নালার মধ্যে দিয়ে বয়ে গিয়ে পড়লো সমুদ্দুরে। সর্দারের জন্যেই হুয়ালাপাইরা বাঁচলো সেবার। 
সেই নালা বছরের পর বছর ধরে পাহাড়ের বুক কেটে কেটে বসলো, চলে গেল অনেক, অনেক নিচে। তৈরী হল সুগভীর গিরিখাত। গ্র্যান্ড ক্যানিয়ন। যা দেখতে দুনিয়ার লোক ছুটে আসে আরিজোনার মরুভূমিতে। 
হালোনা গল্প করছিল বোট চালাতে চালাতে। লালচে গায়ের রং। ছোট ছোট চোখদুটি সবসময়ই হাসিতে উজ্জ্বল। মাথায় লম্বা বিনুনি। নেটিভ আমেরিকান বা আমেরিকান ইন্ডিয়ান।ওরাই এখানকার ভূমিপুত্র। কলম্বাস আমেরিকার মাটিতে জাহাজ ভিড়িয়ে ভাবলেন ইন্ডিয়াতে এসেছেন। তাই এখানকার লাল মানুষগুলোকে বলা হলো 'ইন্ডিয়ান'। হালোনা হুয়ালাপাই উপজাতির মেয়ে। কলোরাডো নদী যেখানে পাহাড় কেটে চারহাজার ফুট নিচে নেমে গেছে, সেই গ্র্যান্ড ক্যানিয়নে বোট চালায়। লালমাটির দেশে কলোরাডোর লাল জলকে সাক্ষী রেখে লাল মেয়ের সঙ্গে খুব ভাব হয়েছিল সেবার। 
সেবার মানে সেই আটবছর আগের অগাস্ট মাস। মা-জননী কলকাতা থেকে সঙ্গে এসেছেন। ইস্ট কোস্ট দেখা হয়ে গেছে। এবার চলো পশ্চিমে। সানফ্রান্সিকো, লস অ্যাঞ্জেলেস, লাস ভেগাসের আড়ম্বর দেখে দেখে জননীর চোখ ক্লান্ত। বললেন, "শহর থেকে একটু দূরে গেলে হয় না?"  
নিশ্চয়ই, নিশ্চয়ই! আমি একপায়ে খাড়া। আমরা তখন লাস ভেগাসে। তিনশো মাইল গেলেই পৃথিবীর সপ্তমাশ্চর্যের একটি - গ্র্যান্ড ক্যানিয়ন। কলোরাডো নদী পঞ্চাশ লক্ষ বছর ধরে যত্ন করে পাহাড় কেটে খোদাই করেছে দুশো সাতাশ মাইলের ক্যানিয়ন। একমাইলেরও বেশি গভীর। সেই পাথরে-কোঁদা ভাস্কর্য ধরা আছে আদিগন্ত পাহাড়ের গায়ে। যেন প্রকৃতির এক রূপকথা। বেশি নয়, ঘন্টা পাঁচেক গাড়ি চালালেই পৌঁছে যাবো গ্র্যান্ড ক্যানিয়নের দক্ষিণপ্রান্তে, সাউথ রিমএ। 
জননী হাঁফ ছাড়লেন,"তাই চল।" তিনি প্রকৃতিপ্রেমী, কলোরাডো মালভূমিতে বিশুদ্ধ প্রকৃতির কোলে চোখ জুড়োবেন। 
রাতে রাতেই চলে এসেছি,পরদিন ভোরেই যাতে জেগে উঠতে পারি ক্যানিয়নের কোলে। 
হোটেলের জানলা থেকেই অপরূপ সূর্যোদয়। রং ছড়িয়ে গেল প্রাগৈতিহাসিক পাহাড়ের মাথায় মাথায়। গ্র্যান্ড ক্যানিয়নে বেশ কয়েকটা জায়গা আছে সূর্যোদয় ও  সূর্যাস্ত দেখার জন্যে। মনে মনে ঠিক করে নিলাম, এমন একটা ভিউপয়েন্ট থেকে সূর্যাস্ত দেখতেই হবে।
সক্কাল সক্কাল ব্রেকফাস্ট করেই রানিং শু পরে বেরিয়ে পড়া গেল। প্রথমেই ভিজিটারস সেন্টারে, খোঁজখবর নিতে হবে তো?   
বোঝা গেল যে গ্র্যান্ড ক্যানিয়নের সাউথ রিম আসলে পাহাড়ী রাস্তা ধরে হাঁটার পথ। পথে একাধিক ভিউ পয়েন্ট। এক একটা থেকে এক এক রকম সৌন্দর্য। তিনটি পথ আছে এখানে - ডেজার্ট ভিউ রোড, গ্র্যান্ড ক্যানিয়ন ভিলেজ আর হার্মিট রোড। সেন্টারের হাসিখুশি মানুষটি প্ল্যানিংএ সাহায্য করলেন। ঠিক হলো আগে যাবো হার্মিট রোড ধরে। সাতমাইল লম্বা রাস্তা। 
উরেব্বাবা, হাঁটতে হবে নাকি? আলসে আমি চিন্তিত।
ভদ্রলোক হাসলেন, "না না, তাহলে আর শাটল আছে কী করতে? তুমি অবিশ্যি সাইকেলেও যেতে পারো, তবে মায়ের তো বয়েস হয়েছে, তাই শাটলই ভালো।"
যাক বাবা, নিশ্চিন্দি। সাইকেল চালাতে যে জানি না, সে কথা আর বলিনি। প্রেস্টিজ বলে একটা কথা আছে তো? 
হার্মিট রোডে বাইসাইকেলই বেশি। পারিবারিক সাইক্লিং বেশ জনপ্রিয়। মা-বাবা-কুচো-কাঁচা সব্বাই সাইকেলে, রাস্তা চলতে চলতেই পারিবারিক সম্মিলন হচ্ছে, ছবি তোলা চলছে। ভিউপয়েন্ট থেকে দেখা যায় খাঁজকাটা প্রাগৈতিহাসিক পাহাড়ের ঢাল। একেক জায়গায় একেক রকম তাদের আকৃতি। চারহাজার ফুট নিচে বয়ে যাচ্ছে সরু কলোরাডো নদী। 
এবার কী তাহলে নদীর কাছে? 
উঁহু, সেন্টারের প্রাজ্ঞ মানুষটি বলে দিয়েছিলেন আগে হেলিকপ্টার-টুর করে নিতে। মেভরিক হেলিকপ্টার দাঁড়িয়েই আছে। পাইলটের সঙ্গে চারটি করে মানুষ উড়তে পারে। ওপর থেকে পাখির চোখ দিয়ে পুরো ক্যানিয়ন একবার ঘুরিয়ে দেয়। কলোরাডো নদীকে দেখায় যেন সরু ফিতে। দারুন সে দৃশ্য। 
হেলিকপ্টারের উচ্চতা থেকে এবার আমরা সোজা চলে যাবো গিরিখাতের নিচে। যেখানে কলোরাডোর জল ছোঁয়া যাবে। এতক্ষণ ওপর থেকেই শুধু দেখেছি তাকে।
রাইড শেষে হেলিকপ্টার আমাদের নামিয়ে দিল মাটি থেকে বেশ খানিকটা নিচে। কলোরাডো নদীর খাতের অনেক কাছে। খুব সুবিধে হল তাতে। সেখান থেকে কিছুটা কাঠের সিঁড়ি ভেঙেই চলে যাওয়া যায় একেবারে নদীর ধারে, গিরিখাতের তলায়। সেখানেই হালোনার সঙ্গে দেখা। কাঠের নড়বড়ে সিঁড়ি ভেঙে নামতে জননীকে সাহায্য করলো। তারপর চাপালো নিজের বোটে। কলোরাডোর লাল জল কেটে এগোলো বোট। আর এক এক করে যেন রূপকথার জগৎ খুলে যেতে লাগলো আমাদের দৃষ্টির সামনে। নিচে থেকে ওপরে তাকালে গ্র্যান্ড ক্যানিয়নের বিশালত্ব যেমন ধরা পড়ে এমনটি আর কিছুতে নয়। আমার মতে গ্র্যান্ড ক্যানিয়নের সেরা দৃশ্য এটাই। 
দুপাশে উত্তুঙ্গ পাহাড়, তাদের গায়ে লক্ষকোটি বছরের ভাস্কর্য। কোথাও হাতির শুঁড় তো কোথাও ধ্যানরত মানুষ - খুঁজলে সব পাওয়া যায় গ্র্যান্ড ক্যানিয়নের দেওয়ালে। 
হালোনা বললো,"উপকথায় বলে,আমাদের সেই সর্দার নিজের হাতে ছুরি দিয়ে কেটে কেটে এসব ভাস্কর্য বানিয়েছিল। পরে তার সঙ্গে হাত মিলিয়েছিল আরও অনেকে। এ সবই হুয়ালাপাইদের হাতে খোদাই করা।"
চারহাজার ফুট নিচে লাল জলের নদীতে ভেসে,মাথায় সুনীল আকাশ নিয়ে বিশ্বাস করতে ইচ্ছে করে সব। এ এক অন্য পৃথিবী। 
বোট রাইডের শেষে লিফ্ট নিতে হয়, আবার মাটির পৃথিবীতে ফেরত। এবার বেশ খিদেও পেয়েছে। তাই শাটল চড়ে গ্র্যান্ড ক্যানিয়ন ভিলেজ। লেট লাঞ্চ। নেটিভ আমেরিকান মেনু ব’লে আমাদের দেওয়া হলো আলুপোড়া (ওই যে,যার নাম বেকড পট্যাটো),গাজর দিয়ে অ্যাস্পারাগাস আর পর্ক। কী জানি, সাধারণ আমেরিকান দোকানেও তো এমনিই দেয়! 
হালোনার কাছে জেনেছিলাম ওরা নানারকম মাংস খায়। এলকের মাংস খুব প্রিয়। কৌতূহলে জিজ্ঞেস করতে ওয়েটার হেসে বললেন, "আসল নেটিভ আমেরিকান খাবার খেতে গেলে তোমায় ওদের রিজারভেশনে যেতে হবে।"
রিজার্ভেশন মানে সাদা মানুষের তৈরী করে দেওয়া গ্রাম। সেখানেই নেটিভ আমেরিকানদের থাকতে হয়।  মানে যে ক’টি ভূমিপুত্র এখনো বেঁচে আছে, তাদের জন্য বাসস্থান। নতুন মহাদেশ আমেরিকায় ইউরোপিয়ান সেট্লমেন্টের ইতিহাস বড় রক্তাক্ত।   
সে যাক, গ্র্যান্ড ক্যানিয়নের পশ্চিমদিকে ওয়েস্ট রিমএ গেলে নেটিভ আমেরিকানদের রিজারভেশনে থাকা যায়। সে অভিজ্ঞতা নিশ্চয়ই খুব মূল্যবান। কিন্তু আমাদের ছুটি ফুরোচ্ছে।
জননীর আহারে মন নেই, মনে করালেন, "সূর্যাস্তটা কিন্তু দেখতেই হবে।" 
আমার কুঁড়েমির জন্যে তাঁর সূর্যোদয় দেখা মিস হয়ে গেছে। বুঝি আমি তাঁর দুঃখ।       
অতএব মেনু নিয়ে বেশি মাথা না ঘামিয়ে চড়ে বসলাম শাটলে। এবার গন্তব্য মেদার (Mather) পয়েন্ট। সূর্যাস্তের রং ছড়ালো প্রকৃতির ভাস্কর্যের মাথায়। কে যেন রং তুলির বাটি নিয়ে বসেছে আর একের পর এক রঙের পোঁচ চাপাচ্ছে। জননী মুগ্ধ। লালে লাল চরাচর, মাটি, জল। শুধু সেই লালমাটির লালমানুষগুলো আজ রিজারভেশনে থাকে। সে কথা নাহয় আরেকদিন।

লেখিকা সংগ্রামী লাহিড়ী 
৯,উইনফিল্ড ড্রাইভ, নিউ জার্সি, আমেরিকা

















ঢেউ তুলে...
"বারে বারে আমি পথের টানেই
পথকে করেছি ঘর..."

ঊনিশশ তিরাশি। ডিসেম্বর।আঠারো তারিখ। রবিবার। আমার দক্ষিণ-ভারত ভ্রমণের প্রথম দিনটি।শিয়ালদা থেকে বাস ছাড়লো সন্ধ্যা সাড়ে পাঁচটায়।বাবা-মা বোনের সঙ্গে আমি।চেনা-অচেনায় অন্যরা।বাসের গতি দুর্নিবার হলো কলকাতা ছাড়িয়ে। গান বাজছে। আলাপ-আলোচনার ধুম। ধারের সিট পাওয়ার আনন্দে বিভোর হয়ে,অচেনা দিক-দিগন্ত দু-চোখে গিলতে গিলতে চলেছি অপার বিস্ময়ে প্রথম থেকেই। নীল আকাশ জুড়ে বাঁধ ভাঙা জোছনা জোয়ার!একটা নদী দেখলাম। দামোদর,বললেন পাশের জন। রাত বড়ো হতে থাকে। গায়ে হালকা চাদর চাপিয়ে নিলাম। হঠাৎ কুয়াশায় ঝাপসা হয় চারপাশ। ঝাপসা হচ্ছে কিশোরী রাত্রিটি!নির্জনতা এখন। 
যখন আমরা ভুবনেশ্বরে ,তখন সকাল সাড়ে পাঁচটা। ঝিমধরা শরীরে লাগলো শীতল বাতাস। এইমাত্র স্নান-খাওয়া শেষ হলো।দেখতে গেলাম  লিঙ্গরাজ-টেম্পল।  নির্মাণ-শৈলী মনকাড়া। বেলা সাড়ে এগারোটায় বাসে। চিল্কার  উদ্দেশ্যে  পাহাড়ি-পথ ধরে ছুটে চলেছে বাস। বাইরে পাহাড়-পাথর।দূরের পাহাড় হালকা মেঘের মতো। চারদিক সবুজে-সবুজ! নদীর জল গাঢ় নীল। চিল্কায় পৌঁছে,কিছুক্ষণ পর নৌকায় করে ভাসলাম। মনেপড়ে গেলো সেই চিরায়ত সুর- "দে দোল দোল দোল, তোল পাল তোল, চল্ ভাসি সবকিছু  ত্যাইগা..." গোপালপুর।সুন্দর জায়গা। গাছ-পাতা ঘেরা,ছড়ানো ঘরবাড়ি।সমুদ্র! শুধু বালি আর বালি।এখানেই কাটাতে হবে রাত। সন্ধ্যা নামলো অনন্য মহিমায় অন্ধকার ঘনিয়ে...পূর্ণিমার গোল চাঁদ উঠলো আকাশে!আর সমুদ্রের গর্জন! নিজেকে একা করলাম দলের থেকে। দাঁড়িয়ে থাকলাম- স্বপ্ন ভূমির মতো ছায়াচ্ছন্ন বেলাভূমিতে! ভাব নষ্ট হলো! ফিরতে হলো বড়োদের ডাকাডাকিতে। সবাই মিলে কিছুক্ষণ গান-গল্প-মজা।
ভোরবেলা সূর্যোদয়ের অপেক্ষা।অপূর্ব এই দৃশ্য! দু-চোখ জুড়িয়ে গেলো। শান্ত হলো অন্তর। বেলা দশটায় আবার বাসে। লাবণ্যময়ী সমুদ্রের রূপ দেখতে দেখতে এগিয়ে চলেছি। আহা!তালবন,ঝাউবীথি, আঁকাবাঁকা পাহাড়ি পথ পেরিয়ে চলে এলাম সীমাচলম। এক ধর্মাশ্রমে। বিকেল পাঁচটা।এখানেই রাত্রি যাপন।আড্ডা মেরে কেটে গেলো কিছুটা সময়। সীমাচলম ছেড়ে যাওয়ার আগে,সকালে একটু বেলায়  পাহাড়ের গা বেয়ে বাস উঠলো শিখরে। এখানে মন্দির পাথরের। মসৃণতা তাক্ লাগিয়ে দেয়!নরসিংহের  মন্দির দর্শন করে  নমে এলাম সমতল ভূমিতে। বেলা এগারোটা। শুরু হলো এগিয়ে চলা। উদ্দাম গতিতে বাস চলছে...পথে একটা ছোট্ট  পাহাড়ের কাছে বাস থামলো। চা-সময়। দৌড়ে গিয়ে বসে পড়লাম উঁচু একটা পাথরের উপর। ভালো লাগলো! আবার চলা। দিনের আলো ম্লান হয়ে, বিনয়ী সন্ধ্যা! ক্রমে কালো-কাজল রাত! পাবলুপুরমের একটা জায়গায় এখন। নৈশ-ভোজ। নারকেল গাছ ঘেরা ডোবার ধারে আমাদের বাস। জ্যোৎস্না নেমেছে মিহি কুয়াশার মতো! সময় সুখের। বেশ খাওয়াদাওয়া  হলো। আবার চলা।গভীর রাত কেটে গেলো বাসের ভেতরে ঘুমিয়ে-জেগে,বসে বসে। একটা অন্যরকম  অনুভূতি! 

সুন্দর করে ফুটে উঠলো সকাল। কাঁচা আলোর হাসি মুখে নিয়ে।দেখলাম! একটু তৈরি হয়ে নেওয়া।তারপর আবার চলা। পথের দু-পাশে আখ তুলো ধানগাছে ভরা। সব কেমন নতুন করে ধরা দিচ্ছে দৃষ্টিতে! যেনো নতুন প্রাণে ঝিলমিলে! দেখি আর বিস্ময়ে মরে যাই! ডালের বড়া,লঙ্কার ফুলুরি, খেতে  খেতে যেতে যেতে বেশ লাগে। এসেগেলাম  টাঙ্গাতরুতে। জায়গাটা একটু নোংরা। মরা পুকুরে নেমে স্নানটা যদিও খুশির ছিলো।খাওয়াদাওয়া শেষ হলো। পথচলা। ঘুম-ঘুম লাগছে হাওয়ায়। দেখি  প্রকৃতির মুখে আঁধারি কালো ওড়না! মুছে গেছে চাঁদ আর চাঁদের মাধুরী! শুধু  ভোঁ-ভোঁ শব্দ! ঝিরঝিরে বৃষ্টি নামলো। বাসের ভেতর বন্ধুরা মিলে শুরু হলো গল্প আর গানের আড্ডা। রাত নটা। তিরুপতির  এক প্রতিষ্ঠানে। অত্যন্ত সুন্দর জায়গাটা। প্রায় আঠারো-কুড়ি  ঘন্টা জার্নি। খাওয়াদাওয়ার পর ঝট্ করে ঘুমিয়ে পড়লাম।  

সকাল থেকে মেঘে ঢাকা আকাশ। বৃষ্টি! বৃষ্টি জোরে পড়ছে। আকাশ কাঁপিয়ে গুরুগম্ভীর শব্দ! আমরা  বলাজীর-গুরুজী  স্বর্ণমন্দিরে। অনেক উঁচুতে। কৃত্রিম ঝর্না, দোকানপাট। মজার ব্যাপার হলো,মনেই হচ্ছেনা যে আমারা এতো উঁচুতে! ঠাণ্ডা আবহাওয়া। ইডলি,ধোসা আর এক কাপ গরম কফি। আঃ! মেজাজটাই বদলে গেলো! অত্যন্ত আঁকা-বাঁকা পথ। বাস নামছে। অনেকের বুকে ভয়, মুখে ভয়ের ছাপ।স্পষ্ট। কুলকুল সুর তোলা ঝর্নার জল যেনো দুধের ফেনার মতো! স্বচ্ছ! অপূর্ব এই সময়টা। রোমাঞ্চকর! 

সকালে ঘুমভাঙা চোখে সবেমাত্র আলো এসে পড়েছে, দেখি দূরে আকাশ ছুঁয়ে দেওয়া পাহাড়ের মাথা থেকে ধোঁয়া উড়ছে। কারা যেনো ইটের পাঁজায় আগুন লাগিয়ে দিয়েছে। আসলে তো জলভরা ধূসর মেঘদল! সোহাগে-আবেগে ঘনিয়ে...তো একটু তাড়াতাড়ি লাঞ্চ শেষ করতে হলো। সাড়ে দশটায় বাস ছাড়লো।এবার মাদ্রাজ যাত্রা। 

মাথায় মেঘ-আকাশ। ভিজে রাস্তা দিয়ে অলস গতিতে আমাদের বাস। মাদ্রাজ-শহর কলকাতার মতোই মনে হলো। সাজানো-গোছানো। বিকালে ঘোড়ার পিঠে, সমুদ্র-সৈকতে।সমুদ্রের জল ঘোর কালো! উত্তাল! তবুও ঢেউয়ে পা ভিজিয়ে, কিছুটা সময় কাটিয়ে, গেলাম কপিলেশ্বর-মন্দিরে। তৈলচিত্রে ভরা। আকৃষ্ট হলো মন! অস্ত-দিগন্তের  রক্তাভা মুছে গিয়ে,এখন আবছায়ায় সূচিত সাঁঝবেলা! এরপর ছলনার মতো রাতটুকু কেটেগেলো মামলীপুরমের ছোট্ট একটা হোটেলে। 

সূর্য ওঠার আগে,এখনকার বন্ধুদের সঙ্গে, বাবা-মা'র হাত ধরে,দেখতে গেলাম সমুদ্র-শোভা। পাথর-নুড়ি-ঝিনুক...তটের ভিজে বালি...গর্জনে সমুদ্র ভয়ঙ্কর!ভয়াবহ!মনে হয় পাগল হয়ে গেলাম! ভেতর-অন্তর উদ্বেল হয় বারবার! মন চঞ্চল হয়। কখনও এক্কেবারে স্থির। হায় হায় করে ওঠে বুকের ভেতর!পাঁচশ সিঁড়ি ভেঙে উঠলাম পাহাড়ে। পক্ষীতীর্থ! দ্যাখা গেলো পক্ষী।খাবারের লোভে এরা আসে। বুঝলাম।পুরোহিতের হাত থেকে চাল-কলা মাখা খাবার খেতে শুরু করলো।আর ভাগ্যবান বলে হায় হায় করে উঠলো,পুণ্য লোভী মানুষজন!নেমে এলাম। এবার চললাম পণ্ডিচেরি। বাস এসে দাঁড়িয়ে পড়লো,বিশাল এক সমুদ্রের পাশে। সমুদ্রের ঠাণ্ডা হাওয়ায় গা ভাসালাম। বসলাম পাথরের একটা খণ্ডে। কতো পাথর! এখানে সমুদ্রের জল গাঢ় নীল, ঘোলাটে আর মেটেলাল।বেশ আলাদা করে চেনা যাচ্ছে।আছড়ে পড়ছে কিনারায়। জোরে।  প্রবল বাতাসে আমার মাথার ঝাঁকড়া চুল উড়ছে। আমি উড়ছি মনের আশমানে! আমি তলিয়ে যেতে থাকি স্বপ্নের আবর্তে!"মেঘে ঢাকা তারা "- র  সেই বুক ফাটা আর্তনাদ ভেসে আসে। "দাদা আমি বাঁচতে চাই..."আমিও তো বাঁচতে চাই,ঠিক এমনি করে...পৃথিবীর এই লীলা নিকেতনে...

পরদিন সকালে স্নান করে, সেই পরম পুণ্য ক্ষেত্রে। অরবিন্দের আশ্রম।যেখানে এই নিত্যপথের যাত্রী তাঁর জীবনের দিনগুলো কাটিয়ে গিয়েছেন,পরমাত্মার সন্ধানে।  আশ্রমে প্রবেশ করলাম। নীরব-নিস্পন্দ পরিবেশ! বিশাল এক বৃক্ষ ছায়ায় এই পরম সাধকের শ্বেত-স্বচ্ছ  সমাধি।ফুলে ভরা! ফুলে ফুলে ভরা আশ্রম। গোলাপ,গাঁদা, জিনিয়া,ডালিয়া, ইনকা! কতো রঙের...  সুগন্ধী ধূপ পুড়ছে গোছা-গোছা! সমস্ত আশ্রম যেনো অব্যক্ত ব্যথায় ভরা! করুণ! শ্রদ্ধায়  মাথা নত হয়ে আসে!বেরিয়ে এলাম।দেখলাম আমি কাঁদছি! আমার দু-চোখ দিয়ে জল গড়াচ্ছে অবিরত!  একটাও কথা বলতে ইচ্ছে করছিলো না।  এই পবিত্র স্থান ছেড়ে যখন চলে যাচ্ছি, তখন ঝমঝম করে বৃষ্টি...

বাস চলেছে।দুদিকে পাহাড়। মাঝখান দিয়ে পথ।বেলা ঠিক এগারোটা।পাহাড় পাথর গাছপালা আর রাঙা মাটির পথ।মনে হয় যেনো কোনো সাম্রাজ্যের ধ্বংসাবশেষ! একটা নিরিবিলি জায়গায় বাস থামলো।  ল্যাংটাপুটো একদল নিষ্পাপ বাচ্ছা হাত নাড়তে লাগলো আমাদের দেখে।  মুখে হাসি। তাদের সেই সরল-সোজা  উল্লাসে প্রাণ যেনো জুড়িয়ে গেলো!  শ্রীরঙ্গমে দেখলাম অনন্ত শয্যায় বাসুদেব।তেমন কিছু মনে হলনা।সাড়ে দশটায় মাদুরাই।  ডাল তরকারি পরোটা মিষ্টিতে, মিশিয়ে দিলাম খুশি।রাত কাটলো ঢালা বিছানায়।  
ঘুম ভাঙলো। তৈরি হয়ে দেখতে গেলাম  মীনাক্ষী-মন্দির। দক্ষিণ ভারতের সবথেকে বড়ো  মন্দির বলেই শুনলাম।তৈরি হয়েছিলো, প্রায় ষোলো শ,বছর আগে।  চৌষট্টি বছর ধরে।বংশপরম্পরায়  তৈরি করেছিলেন চৌত্রিশ জন রাজা।পোড়া ঘি'র গন্ধে কেমন যেনো লাগলো! মন্দিরের পাথরের কাজ মন ছুঁয়ে যায়,তবে কতকটা একই রকম।রাত এগারোটায় বাসে চেপে বসলাম।ভোর তিনটেয় ম্যাণ্ডাপাম স্টেশনে। ট্রেনে সোজা রামেশ্বরম।ভোরের আকাশ তখনও মেঘাচ্ছন্ন!রাতজাগা চাঁদ যেনো একটা দুর্বল কবিতা হয়ে লেপটে আছে আকাশের গায়ে! জোনাকির মতো মিটমিট করছে দু-একটা তারা! রাস্তায় টাল খাচ্ছে মোদো-মদ্যপ।পৌঁছালাম। স্নান করলাম সমুদ্রে। ভয়-আনন্দ।ঘোড়ার গাড়িতে রামেশ্বরম স্টেশন।ট্রেনে করে ফিরে এলাম ম্যাণ্ডাপামে।যাত্রীবাহী ট্রেন নীল সমুদ্রের ওপর দিয়ে সরীসৃপের মতো পার হয়ে এল! চারিদিকে জল আর জল! মন স্থির হয়ে গেলো। বেলা দু'টোয় বাসে। অত্যন্ত গরম। কাঠফাটা রোদ! প্রচণ্ড অস্বস্তি!গন্তব্য কন্যাকুমারী। দুপুর থেকে বিকেল। তারপর কালচে নীল সন্ধ্যার অন্ধকার ঘন হয়ে, নিশি-রাত! বাসের ভেতরে ঝুঁকে পড়েছে এ ওর ঘাড়ে। সবাই বেশ ক্লান্ত! অবশেষ ভোর একটার দিকে আমরা গন্তব্যে।  খাওয়াদাওয়া শেষ হতে অতয়েব সাড়ে তিনটে বেজে গেলো! 

সকালে স্নান করতে গেলাম, কন্যাকুমারী-মন্দিরের সামনে। সমুদ্রে। ঢেউয়ের দোলায় দোল খেতে খেতে, স্নান যে কতো আনন্দের! অনেকক্ষণ ধরে উপভোগ করলাম এই সমুদ্র স্নান! বিকেলে লঞ্চেকরে বিবেকানন্দের রক।পরিষ্কার-পরিচ্ছন্ন! মনোরম স্থান! কেমন অকারণে ভক্তিভাব জাগে! ফিরতে ইচ্ছে করেনা! ধ্যান ঘরে বসি।ধ্যান করতে চেষ্টা করি! শান্তি-শান্তি! বাধ্য হয়ে ফিরে আসতে হয়! মনের মধ্যে বিচিত্র স্বপ্নের ঘোর লেগে থাকে! 

সমুদ্র তীরে সূর্যোদয়। দর্শনার্থীদের ভিড়ে স্বতঃস্ফূর্ত দাঁড়িয়ে পড়ি। মেঘে চাপা আকাশ। সূর্য উঠলো না,দুর্ভাগ্যের মেঘে চাপা পড়ে গেলো মনের ইচ্ছা!  কিছুক্ষণ ঘোরাঘুরির পর, বেলা এগারোটায়, আবার পথচলা। পথের দুধারে সুন্দর সাজানো-গোছানো বাড়িঘর চোখে পড়তে থাকে।দেখতে দেখতে আমারা ত্রিবান্দ্রামের এক সমুদ্র-সৈকতে।কিনারায় বারবার আছড়ে পড়ে ঢেউ! পা ভেজাই।  ঝিনুক কুড়িয়ে নিই! এক প্রিয় বান্ধবী, এইসময়  কোনো ভাবে কপালে আলতো চুমু দিয়ে, চুপিচুপি  বলে,"প্রেমের জয় হবে একদিন..." আমি হেসেছিলাম মাত্র একবার! নীরবে! সময় এভাবেই...তারপর,আবার যাচ্ছি তো যাচ্ছি উঁচু-নীচু পথ বেয়ে। এখানে ঘন জঙ্গলের মতো নারকেল গাছের বাগানও যেনো হাতছানি দিয়ে ডাকে! পথচলাতেই আনন্দে বিভোর হয়ে যাই! ক'টা দিন জীবনের দুঃখ-কষ্ট, জড়তা পেছনে ফেলে, গণ্ডিহীন উদ্দাম! এসে গেলাম কুইলন। একধরনের টক্-টক্ সামুদ্রিক মাছ খেলাম আজকের ডিনারে। এখন রাত্রি।জগত জুড়ে আঁধারে আচ্ছন্ন অস্পষ্ট মায়া!আমার মনকেমন করে! 
ক্রমে খণ্ডিত হয় রাত!দিনের আলো ফোটে। চোখের আলোয় দেখি এক অজানা পাহাড়! ধূপছায়ার মতো ছাই-কালো মেঘ উড়ে চলেছে পাহাড়ের গা বেয়ে! সম্ভবত খানিক আগে বৃষ্টি হয়ে গেছে।ভিজে পথঘাট। গাছের পাতায় টাপুর-টুপুর...আমাদের বাস এবার পাহাড়ে উঠতে শুরু করলো। ঘন জনাকীর্ণ এই পাহাড়! চারিদিকে আরও অনেক অনেক পাহাড় মাথা তুলে! গাছ পাতায় ঘেরা! দেখছি আমরা অনেকটা উপরে উঠে এসেছি! অভূতপূর্ব! লাল নীল হলুদ ফুলের রঙে মাখামাখি! পথের কোথাও কোথাও এক্কেবারে রঙিন! বৃষ্টি-ধোওয়া  ফুলের রঙ উজ্জ্বল! তাজা! আরও উপরে উঠছি আমারা। বিরাট বিরাট শাল, সাগুয়ান,বাবলা। কতো অপরিচিত গাছও। গাছে গাছে বাঁদরের লাফ-ঝাঁপ! বেশ লাগছে। প্রকৃতি কতো সুন্দর হতে পারে! কতো আত্মীয় হতে পারে! অনুভব করতে পারছি সহজে! 

এই মুহূর্তে নীল-আকাশ আর ধোঁয়া-মেঘ, আমার মনটাকে একেবারে অবশ করে দিচ্ছে! আমি হারিয়ে যাচ্ছি গভীর থেকে গভীরে! ঝরঝর করে আছড়ে পড়ছে ঝর্নার স্ফটিক...পাহাড়ের গা বেয়ে চলন্ত ট্রেনের কালো ধোঁয়া, মিশে যাচ্ছে ধোঁয়া-মেঘের সঙ্গে! আমারা ক্রমাগত উপরে...ময়ূর হয়েছে মন এখন! পুচ্ছ মেলেছে! মত্ত-তালে চঞ্চল হৃদয়  উন্মুক্ত! প্রায় সাড়ে সাতশ,ফুট উপরে উঠে এলাম! মাথায় ধরে রেখেছে বিরাট শহর। লেক। আর সুদৃশ্য বোটানিক্যাল গার্ডেন।এই পাহাড়! লেকের শান্ত জলে রঙিন নৌকা,খুশির দোল,দুলন্ত পুরুষ-নারী-শিশু! পাশে সাদা কালো ঘোড়া।  চড়ার জন্য। আহা! ও-টি শহরের এই মস্ত পাহাড়ের চূড়া থেকে,রোমাঞ্চকর ভাবে নেমে এলাম! রাত তখন এগারোটা। 

বয়ে চলেছে রাত ঠিক রাতের কথামতো ...আর আমাদের পথিক পরান...প্রিয় পথচলা...
"পাখিদের খুসকো পালকে তবুও তো লেগে থাকে প্রাণ! নতজানু হয় পৃথিবী!পলাশ-রঙ গোধূলি কুড়িয়ে আনে ফেলে আসা দিন! "
সাধের ভ্রমণ,সে তো আবহমান...

লেখক বিকাশরঞ্জন হালদার 
রঘুনাথপুর, বিরেশ্বরপুর, দক্ষিণ ২৪ পরগনা








 
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

ব্লগ সংরক্ষাণাগার

  • আগস্ট (3)
  • জুলাই (22)
  • জুন (8)
  • নভেম্বর (15)
  • অক্টোবর (5)
  • সেপ্টেম্বর (81)
  • আগস্ট (66)
  • জুলাই (55)
  • জুন (56)
  • মে (57)
  • এপ্রিল (46)
  • মার্চ (15)
  • জানুয়ারি (14)
  • ডিসেম্বর (73)
  • নভেম্বর (103)
  • অক্টোবর (97)
  • সেপ্টেম্বর (101)
  • আগস্ট (120)
  • জুলাই (88)
  • জুন (76)
  • মে (63)
  • এপ্রিল (11)

🔴বিজ্ঞপ্তি:

পাঁচ মাসের বিরতি কাটিয়ে আবার ও ফিরছি আমরা। খুব শীগ্রই আসছে আমাদের প্রত্যাবর্তন সংখ্যা।

অনুসরণ করুণ

এক মাসের সর্বাধিক পঠিত পোস্টগুলি:

  • শান্তনু গুড়িয়ার কবিতা
  • ফেরারি মন ~ অসীম বিশ্বাসের কবিতা
  • তোয়াঞ্জলী ॥ সায়নের কবিতা
  • গেরস্থালি ~ অনুশ্রী যশের কবিতা
  • শ্রমনিবিড় ~ সুমনা ভট্টাচার্য্য'র কবিতা
  • সৌগত রাণা কবিয়ালের কবিতা
  • উষ্ণতা ~ পিঙ্কি ঘোষের কবিতা
  • প্রচ্ছদ, সূচিপত্র ও সম্পাদকীয়
  • ধোঁয়াশা অথবা ছেলেবেলার ডাকনাম ~ সুকান্ত মণ্ডলের কবিতা
  • প্রেমাংশু শ্রাবণের কবিতা

বিষয়সমূহ

  • Poetry speaks 2
  • অণু কথারা 21
  • আবার গল্পের দেশে 8
  • উৎসব সংখ্যা ১৪২৭ 90
  • একুশে কবিতা প্রতিযোগিতা ২০২১ 22
  • এবং নিবন্ধ 3
  • কবিতা যাপন 170
  • কবিতার দখিনা দুয়ার 35
  • কিশলয় সংখ্যা ১৪২৭ 67
  • খোলা চিঠিদের ডাকবাক্স 1
  • গল্পের দেশে 17
  • ছড়ার ভুবন 7
  • জমকালো রবিবার ২ 29
  • জমকালো রবিবার সংখ্যা ১ 21
  • জমকালো রবিবার ৩ 49
  • জমকালো রবিবার ৪ 56
  • জমকালো রবিবার ৫ 28
  • জমকালো রবিবার ৬ 38
  • দৈনিক কবিতা যাপন 19
  • দৈনিক গল্পের দেশে 2
  • দৈনিক প্রবন্ধমালা 1
  • ধারাবাহিক উপন্যাস 3
  • ধারাবাহিক স্মৃতি আলেখ্য 2
  • পোয়েট্রি স্পিকস 5
  • প্রতিদিনের সংখ্যা 218
  • প্রত্যাবর্তন সংখ্যা 33
  • প্রবন্ধমালা 8
  • বিশেষ ভ্রমণ সংখ্যা 10
  • বিশেষ সংখ্যা: আমার প্রিয় শিক্ষক 33
  • বিশেষ সংখ্যা: স্বাধীনতা ও যুবসমাজ 10
  • ভ্রমণ ডায়েরি 1
  • মুক্তগদ্যের কথামালা 5
  • রম্যরচনা 2
  • শীত সংখ্যা ~ ১৪২৭ 60

Advertisement

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.

মোট পাঠক সংখ্যা

লেখা পাঠাবার নিয়মাবলী:

১. শুধুমাত্র কবিতা, মুক্তগদ্য অথবা অণুগল্প পাঠাবেন। ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ এবং অন্যান্য বিষয়ক লেখা সম্পূর্ণ আমন্ত্রিত। ২. লাইনের কোনো সীমাবদ্ধতা নেই। ৩. লেখা মেইল বডিতে টাইপ করে পাঠাবেন। ৪. লেখা মৌলিক ও অপ্রকাশিত হওয়া বাঞ্ছনীয়। অন্য কোনো ব্লগ, ওয়েবজিন অথবা প্রিন্টিং মিডিয়ায় প্রকাশিত লেখা পাঠাবেন না। ৫. মেইলে আপনার লেখাটি সম্পূর্ণ অপ্রকাশিত, কথাটি উল্লেখ করবেন। ৬. লেখার সাথে আবশ্যিক ভাবে এক কপি ছবি ও সংক্ষিপ্ত ঠিকানা পাঠাবেন।  ৭. লেখা নির্বাচিত হলে এক মাসের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। এক মাসের মধ্যে কোনো উত্তর না এলে লেখাটি অমনোনীত ধরে নিতে হবে। ৮. আপনার লেখাটি প্রকাশ পেলে তার লিঙ্ক শেয়ার করাটা আপনার আবশ্যিক কর্তব্য। আশাকরি কথাটি আপনারা মেনে চলবেন। আমাদের মেইল- hridspondonmag@gmail.com
blogger-disqus-facebook

শান্তনু শ্রেষ্ঠা, সম্পাদক

আমার ফটো
পূর্ব বর্ধমান, India
আমার সম্পূর্ণ প্রোফাইল দেখুন

সাম্প্রতিক প্রশংসিত লেখা:

তোয়াঞ্জলী ॥ সায়নের কবিতা

তোয়াঞ্জলী ॥ সায়নের কবিতা

সুজিত রেজের কবিতা

সুজিত রেজের কবিতা

গুচ্ছ কবিতায় ~ দালান জাহান

গুচ্ছ কবিতায় ~ দালান জাহান

পার্থ প্রতিম পালের অণুগল্প

পার্থ প্রতিম পালের অণুগল্প

বর্ণজিৎ বর্মনের কবিতা

বর্ণজিৎ বর্মনের কবিতা

হৃদস্পন্দন ম্যাগাজিন

© হৃদস্পন্দন ম্যাগাজিন। শান্তনু শ্রেষ্ঠা কর্তৃৃক পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত থেকে প্রকাশিত।

Designed by OddThemes | Distributed by Gooyaabi Templates