
জলের গন্ধ
গোবিন্দ মোদক
নৌকা চালানোর তুই কী জানিস ?
জানে অক্রুর মাঝি আর রামশরণ।
জানে আঁশটে বৈঠা, দাঁড় আর পাল।
সেজন্যই তো নদী আর নৌকার সমীকরণ জুড়ে
আঁকা থাকে অজস্র কাটাকুটি দাগ,
সাংকেতিক চিহ্ন আর লোনা বিস্ময় !
তবু জলে লেখা থাকে অনেকানেক ভাবনা,
ছলাৎ ছলাৎ ব্যাকরণ
আর বয়ে যাওয়ার রোজনামচা ;
লেখা থাকে সময়ের গান
আর ভেসে যাওয়ার অন্নদামঙ্গল কাব্য...।
তাই ভাবছি জরুরি তলব দেবো অক্রুর মাঝিকে,
অথবা রামশরণকে দেখা করতে বলবো ---
যদি ওরা শিখিয়ে দেয় নৌকা চালানোর অ-আ-ক-খ!



0 Comments