কবিতা চব্বিশ ঘন্টা ~ শান্তনু গুড়িয়ার কবিতা


কবিতা চব্বিশ ঘন্টা
শান্তনু গুড়িয়া 

সকাল। 
ভোরের স্বপ্নে এসেছিলে
বরফকুচি সরিয়ে ভ্রু যুগল থেকে
প্রাণ খুলে খুব হেসেছিলে
সূর্যটা তাই উঠলো দেরিতে। 

 দুপুর। 
 অগোছালো ভাবনার গলিঘুঁজির ভেতর
 হাতড়ে বেড়াই নিষ্ক্রমণের পথ
 উষ্ণতর হয়ে ওঠে সূর্যটা মাথার উপর
 বুকের ভেতর পিপাসা পাখির বাসা ঝঞ্ঝাক্ষুব্ধ
 এত প্রলোভন চতুর্দিকে, প্রাণ তো হবেই প্রলুব্ধ!

 বিকেল। 
 চৌকো চত্বরে শিশুগুলোর কিচিরমিচির
 আত্মহারা পুলক, স্বপ্নাচ্ছন্নতা না স্মৃতিপ্রবণতা
 বিবিধ অসুস্থতা ভুলিয়ে প্রত্যাশার দৃশ্যপট
 ফুটিয়ে তোলে হাতদুটোর জায়গায় ইচ্ছেডানা। 

 রাত্রি। 
 ওই উঁচু আকাশে উড়তে উড়তে পালক গেছে খসে 
 চিৎ হয়ে পড়ে থাকা নিঃসঙ্গ কোটরে
 থামতে চাইছে না কিছুতেই অবুঝ শিশুটির কান্না...

কবি শান্তনু গুড়িয়া
বেড়াবেড়িয়া, বাগনান, হাওড়া




0 Comments