
বিষ
শর্মিষ্ঠা
সোজারাস্তা থেকে হঠাৎ বেঁকে যাওয়া গলি
চুন সুরকির পাঁচিলের গায়ে লেপ্টে থাকা পোস্টার
গদের আঠায় নিষিদ্ধ 'তুমি'-র অন্বেষণরত।
আত্মহত্যা অথবা ইচ্ছামৃত্যুর সূক্ষ্ম ফারাকে
পাঞ্চালীর রণাঞ্চল শরবিদ্ধ হলে
তূণীর বোনে দর্জিপাখী,
মা ওকে 'বাবুই, বাবুই' বলে ডাকে।
মহাকাব্য সং সাজার ঢং-এর নাম দেয় সংসার।
এ সবই নির্নিমেষে প্রপঞ্চময়।
তারপর ইনসমনিয়া,
স্মাজে খুঁজতে চাওয়া ঘুম খোঁজা ভোর।
সমাবর্তন সাজিয়ে বসে থাকে সারি সারি শান্ত গাছ
মাটির অধরে আঁকে ছায়ার দাগ
এবং ব্যভিচারী হাওয়াবদলের সোপান।
মন কিছুটা ঋণী হলে সপাটে ছেড়ে যায়
নৈঃশব্দের কলতান।
হা-পিত্যেসের তালিকাভুক্ত–
মেঘদুপুর
কবীরের দোঁহা
ট্যাসেলের দড়ির পাক।
সবসময়ই তুমি দোজখ হলে আমি হতে চাই গুমনাম।



2 Comments
সুন্দর কবিতা
উত্তরমুছুনদাদা শ্রদ্ধা নেবেন।
মুছুন