ফেরারি মন ~ অসীম বিশ্বাসের কবিতা


ফেরারি মন 
অসীম বিশ্বাস 

মায়াবী ভোরের আলোয়
অভিনয় করি ঘুমোবার প্রতিদিন
তমোহীন পরিচ্ছন্ন আকাশে
উড়ে যায় খয়েরী মন
কংক্রিটের শহুরেপনা
গ্রন্থিবিহীন হাইপথেটিক্যাল বন্ধন
এক চুমুক তরল অবজ্ঞায়
ছেঁটে ফেলি আদিম লতাগুল্মের মত
ফেরারি মন দুঃসাহসের ডানা মেলে
আকাশে শরৎ মেঘের মিথুন ভাস্কর্য ছোঁয়
নেমে আসে ভৈরবী নদীর ধারে শ্যামল মাঠে
হলুদ রঙের টলটলে পুকুর
সুপারি তাল আর নারকেলের
ছায়া ঘেরা মায়া ঘেরা
বনের কাজল কায়ায়
চিলেকোঠায় কুমড়ো শাকের ঘোমটা টেনে
বছর ভোর অপেক্ষায়
শারদ উৎসব আসে গায়ে পলি মাটির প্রলেপে
রোদ-ছায়া গ্রামে আছড়ে পড়ে আগমনী বার্তা

ইনবক্সে তখন নিরানব্বই'টা না পড়া মেসেজ।

কবি অসীম বিশ্বাস 
খারগড়, নভি মুম্বাই, ভারত 






2 Comments