
কিছু পথ-কিছু হেঁটে চলা
বিকাশরঞ্জন হালদার
সূর্য মুছে গেছে। আকাশ স্বচ্ছ।আকাশ গাঢ়-নীল।খোলা পথ। হালকা হাওয়ায় গা ভাসিয়ে চলেছি উদাস-পথিক।অন্য মনে। ধীর পদক্ষেপে। আমি সত্যিই পথ হাঁটছি তো? যেন নিজেও ভুলে গেছি সে-কথা। পথের দু'দিকে দিগন্ত পর্যন্ত মাঠ। সারা মাঠ জুড়ে ঘন সূর্যমুখী। সবুজ আর হলুদের পাগলা করা রূপ। মোহ।অন্তহীন আকাশের নীচে এই পৃথিবীতে যেন ফুলের আগুন! রঙের উষ্ণতা আমাকে পেয়ে বসে।নেশা ধরায়।আমার দু'পায়ে থমকে থাকে পথ, কিংবা পথ চলা। এমন বর্ণময় পৃথিবীতে বড় সার্থক মনে হয় আমার জন্ম! বড় প্রয়োজন ছিলো মনে হয়।বেলা নিবে আসে।প্রকৃতির মুখ ঢাকে ছায়া। বুকে বড় বাজে। মনকেমন করে। ক্ষণিক-দিনান্ত বেলা আমার চোখেমুখে,অন্তরে-অন্তরে অদ্ভুত এক ময়াবী-গন্ধ ঢেলে দেয়।নীরব করে তোলে। পথ হাঁটি আমি,বেলা শেষের পান্থ! একটা বিষন্নতা আমার কাছ থেকে, আমাকেই যেন কেড়ে নিয়ে যায়।
একবার পা বাড়ালাম,কিছুটা দূরের গ্রাম যাদবপুর-এর পথে। সন্ধ্যার হালকা অন্ধকার বেছানো পথ। বেশ নির্জন। দু'ধারে গাছের ছায়ারা দীর্ঘ।যেন প্রেত! অথবা অন্ধকার জড়ানো অচেনা মানুষের মতো। আশ্বিনের খোলা মাঠে ধান গাছে সবুজ অন্ধকার।অন্ধকারের রূপ আমাকে টানে। রূপ নয় লাবণ্য!এই উজ্জ্বল শ্যামশ্রী সন্ধ্যার বুকে সাদা ওড়নার মতো ফিনফিনে সাদা কুয়াশা। খোলা পথে দাঁড়িয়ে,এ-সন্ধ্যাকে আমার বুকের কাছে ঘনিয়ে আসা সুখ মনে হয়। এই ভামিনী সন্ধ্যার বুকে মুখ রাখি। দু'চোখ জুড়াই।পথ চলা থমকে যায়। নগ্ন-বিজন মাঠের থেকেই যেন উঠে আসে চাঁদ!লাল মদের নেশায় ঝিমধরা লাল-চাঁদ! সন্ধ্যার অঙ্গ স্পর্শ করে তার কপালে টিপ হয়। এ-সন্ধ্যা নির্মল।এ-সন্ধ্যা ভোর-ভোর। আমার ঘোর লাগে। এই নিভৃত পথে,স্বপ্নাভ-সন্ধ্যার গহনে,ডুবে যেতে থাকি। তলিয়ে যাই। চাঁদের পাশে দু'একটা তারা তখন আকাশে!
এ-পথ দিয়ে হেঁটেছি কতবার। কত-কত আগে। এ-পথ ফেলে আসাকে তুলে এনে বর্তমান করে দেয়।স্মৃতিকে জাগায়। পথের মাঝে পথ হারানোর সেই সব গল্প বলে। সীমা ছাড়ায়। অনন্ত হয়। অফুরন্ত মায়া এই পথের ধূসর-ধুলোয়! অফুরন্ত পিছুডাক! আমি কোথায় যেন হারিয়ে যাই। গভীর বেদনা আমাকে ঘিরে ধরে। আমি মন্থর চলি।পথ আনন্দ আর ব্যথা হয়ে দু'টো হাত ধরে। খোলা আকাশ খোলা মাঠ, কিছুটা স্বস্তি দেয়। ভাবি। সত্যিই কি একদিন পথ হারাবো বলেই,এই পথ দিয়ে হেঁটেছিলাম? নাকি হাঁটতে হাঁটতেই হারিয়ে গেছে পথ? আমি পথ হাঁটি শুধু পথের অন্বেষণে। কে যেন কোথাথেকে ডাকে! - "সুরঞ্জন"! আমার প্রবল কৌতুহলে বাতাসে মিলিয়ে যায় ঐ শব্দ! আমি চাপ-চাপ কষ্ট বুকে নিয়ে,চলে যেতে থাকি - দূরে আরও দূরে...



0 Comments