
ছায়া
বিকাশ চন্দ
একটা শরীর ছুঁয়ে ছড়িয়ে গেছে টুকরো প্রতিবিম্ব
এক একটি টুকরো বসে আছে দিব্যি
মিউজিক্যাল চেয়ার জুড়ে
অর্বাচীন তন্ত্র লোক জানে পাহারায় প্রহরী
সংবিধান সম্মত জেগে আছে নরলোক
কেবল নির্লজ্জ শ্মশান আলোক জানে
প্রচলিত বর্ণমালা উড়ে যাচ্ছে বন্ধ দরজার দিকে
উজ্জ্বল চাঁদ মুখেরা খাবি খায় কালো গর্ভে
ঘুমিয়ে আছে সকল অক্ষর ভ্রূণ
বাহবা ভোজবাজি জানে শূন্য ব্ল্যাক বোর্ড।
দরজা জানালা হীন অন্ধকার ঘর আগুন খোঁজে
একবার হলেও নাভিপদ্মে জন্মের ভোর আসে
অরব চৈতন্যের শব্দেরা খোঁজে ঋতু বলয়
প্রতি ভোরের পাখি ঘুম ভাঙায়
রোদ লজ্জা টুপ টুপ শিশির কালচে সবুজ পাতায়।
নিরাকার বাতাসে ভেসেছে সকল শরীরী মায়া
ছাই ভস্ম পোড়া বর্ণমালা মেখেছি স্বজাতি গিয়ে
ইন্ধন যোগানিয়া পুরনো ক্যানভাসে দুমড়ে প্রতিচ্ছবি
উড়ে যাচ্ছে কচি মুখ ছেঁড়া পোট্রের্ট যুদ্ধে আগুনে
ঈশ্বর ঈশ্বরী ঘুমায় মানুষ মানুষীর লৌকিক ছায়ায়।



0 Comments