দুটি কবিতায় ~ গৌতম কুমার গুপ্ত

গৌতম কুমার গুপ্ত'র দুটি কবিতা
নগর সংকীর্তন
শষ্পরাজি রাজী হলে রক্ত ফোটাবো পায়ে
থুতু ছেটাবো ঘৃণিত শরীরে
আগুনের গায়ে যে বারুদ কথিত
পরবর্তী দাউদাউয়ে ভেজাবো জল
বরফ শীতলে চাঁদকে লেলিয়ে দেবো
সমূহ ভন্ডামি মুখোশের ছাঁচে
সংক্রান্তি বিপন্ন তিথি দেখে
ভোগে যাবো সংকীর্ণ সহবাসে
প্লুতস্বরে কেউ যদি উচ্চারণে ভাসে
মুহূর্ত থামাবো অভিঘাত বুঝে
নাগরিক অবরুদ্ধ আবাসে মগজ জীবিকা
কেউ তাকে বন্দী করে রাখে
গৃহের নজরে
আজ নগর কীর্তনে ভাসাবো শপথ
যেদিন তুমি
যেদিন তুমি তারকা হলে
আমিও দাঁড়িয়েছিলাম বারান্দায়
হাজার চোখের ভিড়ে হারালে তুমি
আমার চোখ খুঁজছিল তোমার নক্ষত্রফুল
বাগানে ফুটছিল রজনীগন্ধা
যেদিন তুমি বিখ্যাত হলে
সব আলো কেড়ে নিয়ে গেলে
এমনকি তোমার ছায়াও দীপ্যমান হলো
দিশেহারা নতজানু আলোর গন্ধে
ভ্রমরেরা সচকিত হলো পাখায়
ওই খ্যাতি প্রশস্তি কোরাসের কথকতা
ওই নীল ওড়নার সুগন্ধ ধূলোবালি
সহসা ঝড়ের দাপটে এলোমেলো চুল
তোমাকে ভাসিয়ে নিয়ে গেল মেঘের তারকা বিভাসে
দরজা খুলে দেখো তোমার অপেক্ষায়
দুয়ারে রযেছে কেউ
একটি বাসি গোলাপের অভ্যর্থনায়



0 Comments