🌎যুদ্ধবিরতি🌏



          📚বিভাস সাহা🔸নরউইচ,ইংল্যান্ড🔸

🌿 আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ছিল,
হয়েওছে নিশ্চয়
কারণ চরাচর আমার মতই ক্ষত বিক্ষত।
উপড়ে তুলে ফেলা মণি দুটো চোখের মধ্যে ঢুকিয়ে
আমি আকাশের দিকে তাকালাম,
শেষ রাত্রির আকাশ
প্রথম দেখেছিলাম সেই দশ বছর বয়সে
মাকে দাহ করে ফেরার সময়।

রাত কত হইল? উত্তর মেলে না…
এই একটা প্রশ্ন আমাকে তছনছ করে
পঁচিশটা বসন্ত কেড়ে নিয়ে গেল।

এখন আমি সাদা রুমাল উড়িয়ে
যুদ্ধবিরতি ঘোষণা করব
আর এক মিনিটের নীরবতা।

আমার গায়ের উপর দিয়ে একটা ব্যাঙ লাফিয়ে গেল
একটা অবাক খরগোশ--
আর সাপের হিসহিসানির মধ্যে
পরিষ্কার শুনতে পেলাম এক মানবী কণ্ঠস্বর
‘পথিক,তুমি কি পথ হারাইয়াছো?



🌿 যারা যুদ্ধে যায় তাদের কেউ কেউ ফিরে আসে
আর যারা ফেরে না তারা অপেক্ষা করে
আমাদের জন্যে
ধানের ক্ষেতের পাশে
অমল অঘ্রাণের দিকে চেয়ে।
তারপর আকাশ পিদিম পুড়ে পুড়ে শেষ হয়ে গেলে
তাদের অপেক্ষমান চোখ একদিন
শকুনের ঠোঁট থেকে খসে পড়ে
আমাদের নিভৃত দুপুরে । 

1 Comments