তুষার ভট্টাচার্য'র কবিতা


পর্যটকের ডানা

কোনও এক শতাব্দী প্রাচীন নগরীর ইতিহাসের উৎসের দিকে যাব বলে আমি তার ধ্বংসাবশেষ 
থেকে তুলে আনি সুদূর অতীতের খণ্ড ,খণ্ড 
টুকরো প্রত্ন পাথর;
সেখানে মৃত ম্লান নক্ষত্রের ছায়ায় ঘুমিয়ে রয়েছে 
যে প্রশান্তির জীবন,
আমি তার ভিতরে ভাঙা হাড়গোর,করোটি 
কঙ্কাল সবকিছু জোড়াতালি দিয়ে নীরবে যে 
প্রাণের প্রতিমা গড়ে তুলি তাতে মনে হয় 
ঠিক জেগে ওঠে অবিকল আমারই কৈশোরের 
অকালে হারিয়ে যাওয়া রাইকিশোরী প্রেমিকার মুখ;
হিমেল শীতের হাওয়ায় তাঁর মৃত সাদা চোখে লেগে থাকে জীবনের সমস্ত অপূর্ণ সাধ;
তাঁকে আবার নতুন করে ফিরে পাব বলে আমি 
পর্যটকের দু'ডানা মেলে বারে বারে ফিরে যাই 
শতাব্দী প্রাচীন এক অতীত জনপদের উৎসের দিকে
আমাকে আজও জাগিয়ে রাখে ভালবাসার প্রত্ন 
নগরীর মায়াটান

কবি তুষার ভট্টাচার্য 
কাশিমবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ 






 



















0 Comments