কোলাজ ~ সুমন সরকারের কবিতা


কোলাজ 
সুমন সরকার

কতকগুলো এলোমেলো শব্দ জুড়ে
একটা সম্পূর্ণ বাক্য গঠন করতে হবে-
যা অর্থবহ, ইঙ্গিতবাহী ও প্রাসঙ্গিক..

অবিন্যস্ত চিন্তাভাবনা গুলোকে সাময়িক দূরে সরিয়ে মন-মাঝারে ডুব দিই--
যত গভীরে যাই, নেমে আসে এক অদ্ভুত প্রশান্তি---

সূ্র্যোদয় থেকে সূর্যান্ত পর্যন্ত তো
কত ঘটনাই ঘটে,
সবই হয়তো প্রকৃতির অমোঘ নিয়মেই হয়,
কিন্তু মনুষ্যসৃষ্ট ঘটনাও কি প্রাকৃতিক?
সবই কি শব্দগুচ্ছে বেঁধে,
বাক্য গঠন করা যায়?

এতো হিংসা, বিদ্বেষ, দাঙ্গা, হানাহানি--
এগুলো কি আদৌ অর্থবহ,
ইঙ্গিতবাহী নাকি প্রাসঙ্গিক??
কি লাভ এই সাময়িকীতে রিপুতাড়িত
এই ব্যাধিগুলো কে স্থান দেওয়ার?
শব্দগুলোকে বেঁধে বাক্য সম্পূর্ণ করার?

অন্তরের অন্তঃস্থলে অবগাহনের পর
উঠে আসে এক পরম প্রশান্তি...
মনঃশ্চক্ষুতে দেখতে পাই কিছু প্রাণী,
এখনো স্পষ্ট নয় তাদের মুখাবয়ব,
শুনতে পাই এলোমেলো কিছু শব্দ,
নদীর ঢেউ, পাতার মর্মর শব্দ মিশে যাচ্ছে
তাদের পদধ্বনিতে---
সেতারের মুর্ছনায় সঙ্গত দিচ্ছে
তাদের সমবেত কন্ঠস্বর। 

কান পেতে শুনতে চেষ্টা করছি কিছু শব্দ,
আরো, আরো কিছু শব্দ--
'পৃথিবী', 'পরিচয়', 'একমাত্র', 'আমরা', 'আমাদের', 'চাওয়া', 'বাঁচা', 'মানুষ'--

হাহাকার করতে করতে শব্দগুলো ক্রমাগত চক্রাকারে আবর্তিত হয়,
বিভ্রান্ত,দিশাহীন হয়ে যাই কালস্রোতে-

আবার একবার অবগাহনের পালা...
এরপর হঠাৎ এক আশ্চর্য আলোয়
ধীরে ধীরে স্পষ্ট হয় মুখাবয়ব গুলো,
জিয়নকাঠির স্পর্শে শ্রুত শব্দগুলো
অর্থপূর্ণ, ইঙ্গিতবাহী ও প্রাসঙ্গিক হয়ে ওঠে
ধীরে, ধীরে....

হৃদয়ের ক্যানভাসে শব্দগুলোকে জুড়ে
লিখে ফেলি এক সম্পূর্ণ বাক্য-
''আমাদের একমাত্র পরিচয়, আমরা মানুষ,   পৃথিবীতে বাঁচতে চাই ॥''


কবি সুমন সরকার 
রাধানগর শিবতলা, পূর্ব বর্ধমান 









0 Comments