দুটি কবিতায় ~ কুমকুম বৈদ্য


কুমকুম বৈদ্য'র দুটি কবিতা 

হৃদয়ের ক্যানভাসে 

আমি ও আঁকি তোমার সাথে চলো
রাত দুপুরে অনেক সবুজ আলো
নিয়ন জ্বলে তখন তোমার চোখে
স্বপ্নগুলো কিনবে কিলো দরে
সোঁদা মাটির গন্ধ বিলায় যারা
সেসব মেঘে জলপাই রঙ ধরে
জংলা পাহাড় নিজের মতো করে
ঝরনা বুকে আলপনা দেয় ঝুঁকে
সেসব ছবি বুকের আঁচল জুড়ে
আকাশ পাতাল উথাল করা সুখে
মুহুর্তদের কুড়িয়ে নিয়ে বুকে
চুপটি করে স্বপ্ন দেখে ঘুমে

আমাকে ধুলো ভেবে নিয়েই যাও 

আমার ছেলেবেলা সেই যে দোল তলা
বটের ঝুরি দিয়ে দোলনা টা-
বাড়িয়ে দুই হাত যদি বা ছুটে যাই
সেখানে মিলবে কি স্নেহ ছায়া?

কিছুই নেই যদি,সবকিছু নিয়ে নদী
বইবে কোন খাতে বারোটা মাস-
আমি ও তো বয়ে চলি,নিজেকে নিজেই বলি 
একলা ছায়াপথ আলো দেখাক-

সাজানো বসার ঘর মানুষ ও পুতুল শব 
শহরে বাস করে হাজার কাক-
জানলা গুলো সব...ফাঁকাই পড়ে থাক 
একটি প্রিয় মুখ- স্তব্ধতার-

আমাকে ডাকো প্লিজ,ঝড়ের গতি পথে 
আমাকে ধুলো ভেবে নিয়েই যাও

কবি কুমকুম বৈদ্য
নরেন্দ্রপুর, দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা 

























1 Comments