⸙ সৈনিক তো তুই ⸙
📚 পরেশ নাথ কোনার🔸নেতাজী সুভাষপল্লী, দুর্গাপুর🔸
🔵 উঁচু প্রাচীর ভাঙতে হবে
আয়রে তোরা শাবল নিয়ে,
আর কতকাল থাকবি পড়ে
অন্ধকারে হত্যে দিয়ে ।
ওপারে তে আছে যারা,আছে
তাদের খোলা আকাশ মুক্ত বায়ু,
তোরা মিছে আছিস পড়ে অন্ধকারে
ক্ষয় করছিস পরমায়ু ।
তোরা আছিস মাটির কাছে
মাটি হলো তোদের মা,
তোরা গায়ে মাখিস মাটি
মাটি তোদের সুদামা ।
ভাঙতে গেলে জাগতে হবে
আর কতকাল থাকবি শুয়ে,
নইলে ঘানি টানতে হবে
অদৃষ্টের সেই দোহাই দিয়ে।
ছিঁড়তে হবে বাধা বাঁধন
মাখতে হবে নূতন আলো,
দেখবি তখন রক্ষী যারা
রব তুলবে গেল গেল ।
প্রাচীর যদি ভাঙতে চাস
পরতে হবে নূতন সাজ,
সৈনিক তো তুই নিজেই এখন
ভাঙতে হবে স্থবির রাজ ।



0 Comments