রিঙ্কি বোস সেনের খোলা চিঠি

ইতিকথা

বন্ধু,

      বহুদিন বাদ তোর খবর নিচ্ছি।রাগ করেছিস বোধহয়! আমিও করেছি। তুইও তো নিতে পারতিস, আমার খবর। এত যুগের বন্ধুত আমাদের! সব ভুলে গেলি নাকি? আমি ভুলিনি,ভোলার নয়। এই দুনিয়াও ভুলবে না, তোর আমার এই বন্ধুত্ব।

তবে যাইহোক আমাদের সময় এবার ফুরিয়ে এসেছে।আর তাই যাবার বেলা শুধুশুধু  মান-অভিমান করে লাভ নেই। এমনিতেই তো এই জগৎ-সংসারে আমরা এখন ব্রাত্য। আমরা আর কোনো কাজে  আসি না। আমাদের'কে সময় দেওয়া মানে নাকি সময় নষ্ট করা। সত্যি রে, আজকাল পথেঘাটে লোকজন চেয়েও দ্যাখে না! আর কারোর যদি ভুল করে চোখ পড়েও যায় মনে মনে ভাবে, 'ব্যাটা! মরেও মরে না,পৃথিবীর উপর বোঝা!'....সব বুঝতে পারি।কিন্তু কিছু বলার ক্ষমতা যে নেই।

তোরও কি আমার মতই অবস্থা? আশেপাশের মানুষজনের কাছ থেকে চরম উদাসীনতা পাস?  অথচ আমি ভাবি একটা সময় ছিল যখন তোকে নিয়ে মানুষের কী ক্রেজ! আট থেকে আশি সবাই তোকে নিয়ে মেতে থাকতো। তোকে নিয়ে মানুষের ব্যক্তিগত জীবনে উন্মাদনা তো ছিলই, কাজের জায়গাতেও কিছু কম ছিল না। আজও অবশ্য আছে, তবে তা খুব ম্লান, তাই না? তবে যতই হোক আমার মত এক জীর্ণ আসবাব হয়ে থাকা নয়!

মাঝামাঝে মন'টা খুব উদাস হয়ে যায় জানিস! কিন্তু তারপর নিজেকে সান্ত্বনা দিই।ভাবি এটাই তো সংসারের নিয়ম, মানবসভ্যতার দস্তুর। নতুন আসবে, পুরনো জমি ছেড়ে সরে দাঁড়াবে। কখনো কখনো রাগ হয় যখন চারপাশের মানুষজনকে দুনিয়ার যন্ত্রপাতি নিয়ে মগ্ন থাকতে দেখি, আর এই যন্ত্রপাতি নিয়ে নাড়াচাড়া করতে করতে ওদের ভিতরটাও কেমন জানি যান্ত্রিক হয়ে গেছে জানিস! ভাষা সংক্ষিপ্ত, অভিব্যক্তি সীমিত। লম্বা লম্বা কথাবার্তার ধৈর্য কই? আবেগ অনুভূতিতে ভেসে যাওয়ার ফুরসত কই? সবাই তো ছুটছে, হাঁফাচ্ছে...এগোচ্ছে কী না জানি না!

তবে কী বলতো এখনো কিছু মানুষ আছে যারা কাছে আসে, দেখা হলে হাসে। সম্মান দেয়,  অবদানের স্বীকৃতি দেয়। কেউ কেউ আবার গায়ে হাতও বুলিয়ে দেয়, ভালো লাগে জানিস, খুব ভালো লাগে।একটু আদরের পরশও যদি কেউ দেয় এই ক্ষয়িষ্ণু শরীরে খুব ভালো লাগে।তোকেও নিশ্চয়ই কিছু মানুষ এখনো ভালোবাসে, সুযোগ পেলে যত্ন করে...কি করে তো?

যাকগে! শোন একটা কথা, আর যে কটা দিন আমরা আছি চল হাসিমুখে থাকি। কেউ ফিরে তাকাক আর না তাকাক, জোর দিয়ে বলছি ইতিহাস আমাদের ভুলবে না।তোর আর আমার এই বন্ধুত্ব গল্প হয়ে থাকবে, কাগজের ভাঁজে ভাঁজে কিংবা হয়তো সব যন্ত্রপাতির আনাচে-কানাচে, কিন্তু থাকবে ঠিকই। তুই আর আমি কত কিছু শিখিয়ে গেলাম বল তো! অনুভূতি, আবেগ, ক্ষোভ, অভিমান কতকিছু। আজকাল তো শুধু টিকে থাকতেই শেখানো হয়, বেঁচে থাকতে নয়।

আজ অনেক কথা বললাম রে, অনেকদিন বাদ এত কথা বললাম। আসলে তোর সাথে আমার সম্পর্কটাই যে আলাদা। একটা আত্মিক টান আছে জানিস! জানি, তুই জানিস। খুব ভালো করেই জানিস। আমায় বাদ দিলে তুই যেমন দিশাহীন তেমনি তোকে বাদ দিলে আমি অন্তসারশূন্য। তুই আর আমি, আমরা তো একে অপরের পরিপূরক বল! ভালো থাকিস রে বন্ধু, ভালো থাকিস আমার চিঠি।
      
                                       ইতি-
                                        তোর ডাকবাক্স।


            সাহিত্যিক রিঙ্কি বোস সেন
রাধানগর পাড়া, পূর্ব বর্ধমান 








0 Comments