ডাকবাক্সের দুঃখ
হারিয়ে গেছে কতো স্মৃতি
আধুনিকতার ছোঁয়ায়,
মনের কোণে আজো তারা
নীরব সুরে কাঁদায়।
খাঁকি পোশাক....টুপি মাথায়
সেই পিওন কাকুর ডাক,
চিঠি এসেছে.... চিঠি এসেছে....
আর পড়ে না হাঁক।
লাল হলুদের রঙিন খামের
মোড়ক খুলে দেখা,
নতুন চিঠির ভাঁজে ভাঁজে
আপন পরশ মাখা।
কুশল খবর....প্রেম বিনিময়
হতো চিঠির পাতায়,
লুকিয়ে চিঠি....আড়াল রাখা
এখন স্মৃতির খাতায়।
প্রবাসী সব আপনজন
খবর নিতো চিঠিতে।
মহোৎসবের দিন গুলি যে
উঠতো ভরে খুশিতে।
ডাকবাক্সও ভরে না আর
অপেক্ষারাও আসেনা,
অযথা ওরা বোঝা হয়ে
বাড়ির শোভা বাড়ায় না।
এখন সবই মলিন স্মৃতি
মুঠোফোনের দোয়ায়,
মেইল বক্স আজ ভরছে খালি
আধুনিকতার ছোঁয়ায়।
তাইতো এখন ডাকবাক্স
আর চিঠিরা ভীষণ দুঃখী,
নীরবে ওরা কাঁদছে দেখে
আধুনিকতাও সুখী।
তবু, ডাকবাক্স চেয়ে আছে
চিঠির আগমনে,
আশার আলো বুকে নিয়ে
থমকে যাওয়া মনে।
হয়ত আবার ফিরবে সুদিন
পত্রালাপেই শেষে...
তাইতো আজো বেঁচে আছে
ব্যর্থ অভিলাষে...!!
কবি পাপিয়া সাধুখাঁ
কুলগাছী, নদীয়া




0 Comments