
পুরানো দিনের হাতছানি
আমাদের একটা শৈশব ছিল, সুন্দর গন্ধের মোড়কে রাখা শৈশব - যার প্রতিটি খাঁজে আজও ফিসফিস করে চুপকথারা । আমার ছোটবেলার শহরই হল আমার প্রথম প্রেম ।
ভীষণ রকমের বড় হয়ে গেছি আমরা, কিন্তু তার থেকেও আরও অনেক শতগুন বড় হয়ে পাল্টে নিয়েছে নিজেকে আমার প্রিয় শহর ।হারিয়ে গেছে যাবতীয় শিশু সুলভতা ।
শৈশবের পাতায় চোখ রাখলেই ভেসে ওঠে সকালের মনোরম পরশ হতে রাত্রির অদ্ভুত মাদকতা । একই তালে একই ছন্দে অবিরাম ধারায় বয়ে চলা সেই সব ট্রাডিশন এর দিনলিপি ।
জানেন তো আমার একটা শহর ছিল,
মনের মতন শহর । যার প্রতিটা কানাচে ছিল
ভরপুর প্রাণের ছোঁয়ায় মাখা আনন্দ রাশি রাশি শরতের ঐ পেঁজা তুলোর মতন সারাটা মনের আকাশ জুড়ে ।
সবাইকে আপন করে নেওয়া আমার শহর শিল্পনগরী আসানসোল- বার্নপুর ।একদিকে কোলিয়ারির পাঁচ মিশেলি সংস্কৃতির মোড়ক , অন্য দিকে শিল্পাঞ্চলের আভিজাত্যের রমরমা, সব নিয়ে এক দারুন পটভূমিতে ছিল ভরপুর ।সমগ্র ভারতের এক খন্ডচিত্র ছিল আমার শহর।
আমার শহরে ছিল কত রকক পাখ পাখালি, গাছ গাছালি হতে ফেরিওয়ালার উদাত্ত সুরে ডেকে যাওয়া এক অদ্ভুত মাদকতা ।চলত সবাই নিয়ম মেনে অজানা এক সময়ের তালে তালে ।বিশেষ ক্ষনে হেঁকে যাওয়া ফেরিওয়ালার ডাক জানিয়ে দিত ঘড়িতে ঠিক কটা বাজে। এই হিসেবটা আজও মেলেনি, কিভাবে প্রতি দিন একই সময়ে একই লয়ে হেঁকে যেত ফেরিওয়ালারা।
ঘড়িতে সকাল আটটা, তখনই হেঁকে যেত -- গুড় চাই ,ঝোলা গুড় । বাবুদের পরোটা খাবার ঝোলা গুড় ।
সকাল দশ, মিষ্টি ওয়ালা টোপা কূল।
ঘড়িতে ঠিক যখন এগারোটা, হেঁকে বেড়ায় অ্যালমুনিয়া থালা বাসুন।
বেলা বারোটা, সিল কূটায়...সিল।
দুপুর দুটো , বঁটি নেবেন বঁটি, বাংলাদেশের বঁটি।
ঘড়িতে যখন তিনটে ,মাদুর...চাই মাদুর।
বিকেল চার , মিহিদানা সন্দেশ, গজা বাঁধিয়া দরবেশ ।
অবাক লাগে এটা ভেবেই , কি অদ্ভুত ভাবে সকলে এক নির্দিষ্ট সময়ে হেঁকে যেত । ওদের ডাকই ঠিক বলে দিত ঘড়িতে এখন ঠিক কটা । এই ট্রাডিশন এর কোন পরিবর্তন হয়নি সারাটা ছেলেবেলায়।
আজ রয়েছে সব কিছুই , কিন্তু হারিয়ে গেছে ঐ সব মাতাল করা সুর । শুধু সময়ের তালগোল পাকিয়ে দিত সুরদাস মুচী। ওর জুতা সেলাই ডাকের ছিল না কোন লয় অথবা নির্দিষ্ট সময় ।
আজকের শহর অনেক বিলাসিতায় ভরপুর , রয়েছে এইট লেন রাস্তা, শপিং মল, আইলেক্স, মাল্টিজিম আর মাল্টিমিডিয়ার ভরপুর বিনোদন , বিলাসবহুল আবাসন । নেই শুধু সেই প্রানউচ্ছলতা , কোথায় যেন হারিয়ে গেছে সেই সব পুরানো ভালবাসার পরশ, বাতাসে কান পাতলে উঠে আসে রাজনৈতিক তরজামালা । আজ আবার ভীষণ রকম ইচ্ছে করে ঐ হারানো শহর টাকে ফিরে পেতে , হাসি কান্না সুখ দুঃখ মাখা শহর । কখন ভীষণ রকমের চাপা কান্না মাখা গানের তাল --
ঐ চাষনালার খনিতে মরদ আমার হারাই গেলেক গো...।
আবার একটু চোখ বুঁজলেই ভেসে ওঠে সেই সাবেকি সুর...আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে । তারই মাঝে হঠাত্ করে তেড়ে আসা বংশী বহুরূপীর বাজখাঁই আওয়াজ...কোওওন হ্যায়,ভাগো জলদি...।সত্যিই খুব মিস করি ঐ সব পুরানো ভালবাসার পরশ মাখা গন্ধ গুলো আজও।



0 Comments