
যে চিঠিটা দেওয়ার ছিল !
সন্ধ্যেগুলো পাশ ফিরে শোয় দিন বদলের মত;
তুমুল দিন আঁকতে থাকেন মনখারাপের কবি।
ধন্ধ ছিল,রন্ধে কত,জমিয়ে রাখা ক্ষত,
ঝাপসা কাচের ছায়ায় জ্বালে, মনকেমনের প্রদীপ।
মফস্বলের গন্ধ মেখে,দাঁড়িয়ে থাকা রিস্তা্,
তোর হর্সটেল্ চুলের গন্ধে আমার স্কুলের বই।
যে চিঠিটা দেওয়ার ছিল,আজকে না হয় দিস তা,
কুণ্ঠা কিছু,বলছে কানে, আমরা কি আর বন্ধু নই!
দুর্গাপুজোর আলোয় আলোয়,তোকেই খুঁজত পাড়া,
সেই ছেলেটাও ভিড়ের মাঝেই,একলাটি হাপিত্যেস।
অষ্টমী আর অঞ্জলিতে প্রেম লুকোনোর তাড়ায়,
তার কখনো বলাই হয়নি,চায় তোকে ভালবাসতে।
শহর জোড়া মনকেমনের সন্ধ্যে জোড়া আকাশ
তারায় তারায় জ্বালিয়ে রাখে তোমার ফেরার ইচ্ছে।
আমার শহর,প্রশ্ন করে,'কার থেকে ঠিক কী চাস?'
গোপন তাকের হলুদ চিঠি,উড়বার ডাক দিচ্ছে।
মনকেমনের নেশায় ডুবো মফস্বলের রাত,
রাতের জাহাজ গাঁথত কোথাও নস্টালজিক নোঙর।
তোর কথাতেই,আবেশ জমায় আমার মৌতাত,
হারিয়ে গেলেও,নেশারঝোঁকে,কী আসে যায় তোর!



0 Comments