
সিদ্ধার্থ সিংহ'র অণুগল্প
দুধ চোর
ভেজানো দরজার একচিলতে ফাঁক দিয়ে নয়ন দেখল, তার বউ অঘোরে ঘুমোচ্ছে।
সঙ্গে সঙ্গে রান্নাঘরে ঢুকে একটি প্লেট নিয়ে এসে ধীরে ধীরে একটা পাল্লা ঠেলে পা টিপে টিপে ঘরে ঢুকে খাটের নীচে রাখা দুধের বাটি থেকে দু'হাতা দুধ নিয়ে অতি সন্তর্পণে বাইরে বেরিয়ে এল নয়ন।
ফ্রিজে যতই মাছ বা সন্দেশ থাকুক না কেন, ওগুলো যেহেতু গোনাগুনতি, তাই রাত্রিবেলায় পাশের ঘরে শুতে যাবার সময় নয়নের বউ প্রতিদিন একেবারে মনে করে দুধের বাটি সঙ্গে করে নিয়ে যায়। আর যাবার সময় বলে যায়, দরজায় খিল দিয়ে দাও। না হলে কিন্তু বিড়াল ঢুকবে।
বউকে শুনিয়ে দড়াম করে দরজায় খিল তুলে দিলেও দুধের প্লেট নিয়ে ঘরে ঢুকেই দরজার পাশে রেখে, দরজা খোলা রেখেই খাটে উঠে গেল সে।
ভোরের আলো ফোটার আগেই উঠতে হবে তাকে।উঠেই প্লেটটা ধুয়ে, যেখান থেকে নিয়েছিল সেখানেই আবার রেখে দিতে হবে।
এর মধ্যে কি সে মিঁউ মিঁউ করে এসে চেটেপুটে পুরো দুধটা সাবাড় করে যাবে না!



0 Comments