এক একটা দিন ~ মীরা মুখোপাধ্যায়ের কবিতা


এক একটা দিন 
মীরা মুখোপাধ্যায় 

এক এক দিন কবিতা লেখার পর
হঠাৎই ভীষণ কান্না পায়...
একটা শক্ত হাত শ্বাসনালী টিপে ধরে
মনে হয় আমি আর একটা লাইনও
কোনদিন লিখতে পারবোনা 

কি যে সে কষ্ট ! 
মনে হয় সমস্ত বন্ধুরা দীর্ঘ কবিতা লিখে
জ্যোৎস্নায় মেলে ধরছে আর
কুটে মানুষের মতো আমি একা বসে আছি...
সামনে ছড়ানো ঐহিক ও পারত্রিক শব্দগুচ্ছ
ক্ষয়ে যাচ্ছে একটু একটু করে

সবদিন নয়
এক একটা মেঘলা দুপুরে আমার মনে হয়
এজন্মে নয় যেন কোন অন্য জন্মে
আমিও লিখতাম,
আমিও কবিতা লিখে জ্যোৎস্নায় ভাসিয়ে দিতাম...

কবি মীরা মুখোপাধ্যায়
তেলিপুকুর, ডাক শিমুরালী, নদীয়া












0 Comments