দুটি কবিতায় ~ নবনীতা


নবনীতা'র দুটি কবিতা 

অঙ্গীকার

১)

পাতার বুকে জমে থাকা 
বিন্দু বিন্দু জলকণার মতো ভালোবাসা 
ধরা থাকে প্রেমিকের বুকে ৷
পানকৌড়ির মতো ডুব দিয়ে 
অবগাহন চলে ঐ ভালোবাসায় ভেজা পরিসরে 
সে এক অলীক সুখ !
সংসারে, প্রতিদিনের অসম যুদ্ধে ,
ঐ টুকরো সুখটুকুই তো প্রাপ্তি 
মনে হয় গত জন্মের জমে থাকা সব পাপ 
ধুয়ে মুছে একাকার হয়ে যায় এভাবে
প্রেমিকার আঁচলে লেপ্টে থাকা 
ভালোবাসার গন্ধে খোঁজ চলে 
এক পরম তৃপ্তিভরা প্রাচীন পৃথিবীর 
যেখানে তোলা আছে আলৌকিক কিছু মুহূর্ত 
আর একবুক নিবিড় প্রশান্তি ৷

অঙ্গীকার

২)

ঠোঁটে গুজে রাখা গত জন্মের অঙ্গীকার 
ভাঙা কাচের টুকরোর মতো 
ছড়িয়ে পড়ে বিক্ষিপ্ত ....বেওয়ারিশ৷
আমি প্রতিনিয়ত পাতার ভাজে তুলে রাখি 
বৃষ্টির অগণিত ফোঁটা,
প্রতিদিনের একটুখানি সোহাগ 
আর একমুঠো অনাহুত প্রেম ৷

অনেক দূরে শীর্ণকায়া এক নদীর ওপ্রান্তে
ভাঁট ফুলের গন্ধে মেতে থাকা 
এক ছোট্ট কিশোরী 
তার অপটু হাতে সারা বেলা গেঁথে চলে মালা 
এলোমেলো ...অগোছালো ৷
তার ভালোবাসা এভাবেই জমিয়ে রাখে সে
এক ঝুড়ি বুনো ফুল , 
আর দু'হাতের  নিবিড় যত্নের ভেতর ৷

কবি নবনীতা 
জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ভারত 

















0 Comments