
বিভাবরী ও বিষণ্নতা
প্রতিটি দিন শুরু হয় সূর্য্যসোনার সোহাগ স্পর্শে
সারাদিনব্যাপি আল্পনা আঁকি যাপন,
পেশা ও প্ৰমত্ততার ত্রিকোণ প্রেমের পানকৌড়ি আনমনে নামে দৃশ্যপুকুরে
মায়াবী মাছরাঙাকে সারাদুপুর আগলে রাখি
বিরহী বিকেল পেরিয়ে অষ্টাদশী রাত নামে চিলেকোঠায়
জোনাকীর মায়ামূর্ছনা কিছুক্ষনের জন্য ভালো লাগে,
কিন্তু সর্বক্ষণ নয়
এদিকে নিদ্রা তখনও আসেনি চৌকাঠে
কোনও নাম না জানা বিষণ্নতা ছাড়খার করে
দিচ্ছে প্রিয় বিভাবরীকে
বিষাদের বীজ অস্ফুটে অঙ্কুর ছড়াচ্ছে বুকে
ন্যুব্জ হয়ে শর্বরী সাগরে ঝাঁপ দিই
হাতড়ে খুঁজি নিবিড় নিদ্রা
না, আজ আমায় একটু ঘুমোতেই হবে
কবি সৌমিত্র শীল
ইটাহার, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ



0 Comments