
যে ছবি আঁকিনি কখনো
যে ছবি আঁকিনি কখনো
সে ছবিটি আমার স্বপ্নের ভেতর নানা রঙে হাজির হয় সাদাকালো স্মৃতিভ্রষ্টের চোখে ছবির মানুষগুলোকে খুব আপন মনে হয় তাই আমি তাদের সাথে উড়ে উড়ে ইথারের বনে ঘুরি মানুষ থেকে পাখি, পাখি থেকে পঙ্গপাল
তারপর বায়ুরমতো হালকা হতে হতে
অলীক ডানায় ভর করে আমি মেঘ আর সাগরের হাতছানিতে ছুটে যাই অতল গভীরে,
আমি মৃত্তিকাকীট হয়ে মাটির সাথে মিতালী গড়ি
চাঁদের মৌতাত মেখে গায়ে সোনালী কুহকের মতো
তোমার আঙিনায় ঘুরিফিরি ,
তোমার স্নিগ্ধ অধোর থেকে নেমে আসে কামনার বিষ।
আমি বিষপান করে ঘুম থেকে জেগে উঠি ,
আমার চেতনায় তখনো ভাসছে
না আঁকতে পারা সেই ছবিটি।
কবি স্বপঞ্জয় চৌধুরী ঢাকা, বাংলাদেশ



0 Comments